নাবেল আহমদ: জীবনের পথচলায় অনেক মানুষের অবদান আমাদের এগিয়ে চলার প্রেরণা জোগায়। তবে একজন শিক্ষকের অবদান শুধু একটি প্রজন্মেই সীমাবদ্ধ থাকে না; তাঁর শিক্ষা, আদর্শ ও কর্মের মধ্য দিয়ে তিনি বেঁচে থাকেন প্রজন্ম থেকে প্রজন্মে। সেই মহান মানুষদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে চারখাই উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা ও দোয়া মাহফিল।
শনিবার ১৪ নভেম্বর ২০২৬ ইং তারিখে সকাল ১০টায় চারখাই উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত হয় অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠান ও দোয়া মাহফিল-২০২৬। অনুষ্ঠানে বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ও প্রয়াত সম্মানিত শিক্ষকদের দীর্ঘদিনের শিক্ষা, নিষ্ঠা, ত্যাগ ও অবদানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পাশাপাশি অবসরপ্রাপ্ত চারজন সম্মানিত শিক্ষককে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধিত শিক্ষকরা হলেন—সাবেক প্রধান শিক্ষক স্বপ্না রাণী দত্ত পুরকায়স্থ, সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুল কাদির ও মো. আব্দুর রশিদ এবং সহকারী শিক্ষক নিতাই পদ দাস।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চারখাই উচ্চ বিদ্যালয়ের সভাপতি উম্মে হাবিবা মজুমদার। দিনব্যাপী আয়োজনের প্রথমে বর্তমান শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে অনুষ্ঠিত হয় সংবর্ধনা অনুষ্ঠান। সবশেষে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শিক্ষকরা শুধু পাঠ্যবইয়ের জ্ঞানই দেন না, তাঁরা আলোকিত মানুষ গড়ার কারিগর। তাঁদের হাত ধরেই তৈরি হয়েছে অসংখ্য শিক্ষার্থীর স্বপ্ন, সম্ভাবনা ও জীবনের ভিত্তি। তাই প্রিয় শিক্ষকদের প্রতি সম্মান জানাতে আয়োজিত এ অনুষ্ঠান ছিল সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের এক আবেগঘন আয়োজন। দীর্ঘদিনের প্রতীক্ষা, সম্মিলিত প্রচেষ্টা ও সাবেক শিক্ষার্থীদের আন্তরিক উদ্যোগে বাস্তবায়িত এই আয়োজন চারখাই উচ্চ বিদ্যালয়ের ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।