নিজস্ব প্রতিবেদক: সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্ত এলাকায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় প্রসাধনী ও জিরাসহ প্রায় ১১ লাখ টাকা মূল্যের বিভিন্ন ধরনের অবৈধ পণ্য জব্দ করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)। রোববার (১৫ নভেম্বর) বিজিবির সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়নের দুটি টহলদল এসব অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, ১৫ নভেম্বর দুপুর আনুমানিক ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লালাখাল বিওপির একটি বিশেষ আভিযানিক টহলদল সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্ত থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইয়ংরাজা নামক স্থানে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ২১০ কেজি ভারতীয় জিরা, ২ হাজার ১৮৪টি ক্লপ জি ক্রিম, ৮৯৭টি ফেসওয়াশ ও ১৬৭টি লোশন জব্দ করা হয়। জব্দকৃত এসব পণ্যের সিজারমূল্য ৮ লাখ ৯৬ হাজার ৮৮৩ টাকা।
এদিকে, একই দিন বিকেল ৫টা ৪০ মিনিটে সোনারখেওর বিওপির একটি টহলদল কানাইঘাট উপজেলায় পৃথক অভিযান পরিচালনা করে। এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ৫০৫টি ভারতীয় স্কিন ক্রিম ও ৭৯৫টি অডোমস ক্রিম জব্দ করা হয়। এসব পণ্যের সিজারমূল্য ১ লাখ ৯৫ হাজার ৩৭০ টাকা। দুটি অভিযানে সর্বমোট ১০ লাখ ৯২ হাজার ২৫৩ টাকা মূল্যের অবৈধ পণ্য জব্দ করা হয়েছে।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জানিয়েছে, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারিসহ নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এসব অভিযান চালানো হয়েছে। জব্দকৃত মালামাল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বিজিবি।