স্টাফ রিপোর্টার: গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা থানা ঘেরাও করে এ হামলা চালান বলে স্থানীয় সূত্রে জানা গেছে। রাত ৮টা পর্যন্ত পাওয়া তথ্যমতে, এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছিল।
স্থানীয় সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া দলীয় নেতাকর্মীদের ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়। এর আগে গত ১০ ও ১৫ নভেম্বর এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করে টুঙ্গিপাড়া থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের ছাড়িয়ে নিতেই মঙ্গলবার সন্ধ্যায় সংঘবদ্ধভাবে থানাটি ঘেরাও করা হয় বলে জানা গেছে।
একপর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে হামলাকারীদের সঙ্গে সংঘর্ষের সূত্রপাত হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কয়েক রাউন্ড গুলি ছোড়েন বলে স্থানীয় সূত্রের দাবি। তবে হামলাকারীদের তীব্র প্রতিরোধ ও ধাওয়ার মুখে একপর্যায়ে পুলিশ সদস্যরা পিছু হটতে বাধ্য হন বলে জানা গেছে।
এ সুযোগে হামলাকারীরা থানার মূল ভবনে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালান। পরে থানার ভেতরে ও প্রাঙ্গণে অগ্নিসংযোগ করা হয়। এতে থানার আঙিনায় থাকা পুলিশের একাধিক গাড়ি আগুনে পুড়ে যায়।
এদিকে, হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা ফোন রিসিভ করেননি। ঘটনার পর থেকে টুঙ্গিপাড়ায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।