সাহেদুর রহমান , জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলায় গ্রামীণ সড়ক, সেতু ও কালভার্ট মেরামত ও সংরক্ষণ প্রকল্পের আওতায় দুটি সড়ক মেরামত কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। শুক্রবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), জৈন্তাপুরের বাস্তবায়নাধীন প্রকল্প দুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
প্রকল্প দুটির মধ্যে রয়েছে—আরএইচডি (সিলেট-তামাবিল) থেকে শুকাইনপুর চেইনেজ ০.০০০ থেকে ৭০০ মিটার পর্যন্ত সড়ক মেরামত এবং আরএইচডি (সিলেট-তামাবিল) থেকে পার্কের সেনগ্রাম চেইনেজ ০.০০০ থেকে ১ হাজার ৯০৩ মিটার পর্যন্ত সড়ক মেরামত।
ভিত্তিপ্রস্তর স্থাপনকালে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ৪ নম্বর দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা, স্থানীয় ইউপি সদস্য আব্দুর রাকিব ও মুসলেম আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও ৪ নম্বর দরবস্ত ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল,সেচ্ছাসেবকদল, কৃষকদল, তাঁতীদল সহ ওয়ার্ড বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকল্প দুটি বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও জনসাধারণের যাতায়াত সহজ হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে ৪ নম্বর দরবস্ত ইউনিয়ন পুরো জৈন্তাপুর উপজেলার অন্যতম কৃষিপ্রধান অঞ্চল হওয়ায় সড়ক দুটি মেরামত ও উন্নয়ন করা হলে কৃষি খাতে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে বলে মনে করছেন স্থানীয়রা। এর ফলে ইউনিয়নের প্রান্তিক পর্যায়ের কৃষকরা তাঁদের উৎপাদিত কৃষিপণ্য সহজে এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন ও বাজারজাত করতে পারবেন। পাশাপাশি কৃষক ও কৃষিপণ্যের নির্বিঘ্ন যোগাযোগব্যবস্থা গড়ে উঠবে, যা স্থানীয় কৃষি অর্থনীতিকে আরও গতিশীল ও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।