গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাটে পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। চার ঘণ্টার বিশেষ অভিযানে অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ১৭টি লিস্টার মেশিন ও তিনটি জেনারেটর ধ্বংস ও অকার্যকর করা হয়েছে। একই সঙ্গে বালুভর্তি দুটি বাল্কহেডের ইঞ্জিন বিকল করে দেওয়া হয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে তিনজনকে। তাঁদের মধ্যে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালিত হয় গোয়াইনঘাট থেকে উত্তর হাতিরপাড়া পর্যন্ত বিস্তৃত এলাকার বালির হাওর ও নাইন্দার হাওরসহ মুকতলা, বাংলাবাজার, নয়াগাঙেরপাড় ও বুধিগাঁও এলাকায়।
অভিযানকালে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ১৭টি লিস্টার মেশিন ও তিনটি জেনারেটর ধ্বংস ও অকার্যকর করা হয়। এ ছাড়া বালুভর্তি দুটি বাল্কহেডের ইঞ্জিন বিকল করে দেওয়া হয়।
এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে তিনজনকে আটক করা হয়। পরে তাঁদের মধ্যে একজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অপর দুজনের কাছ থেকে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহিম ইবনে ইদ্রিছের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সহযোগিতা করে গোয়াইনঘাট থানা পুলিশ।
পরিবেশগত সংকটাপন্ন এলাকার প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে প্রশাসনের এ অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।