এ কে আজাদ:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১নং রুস্তমপুর ইউনিয়নের মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এগিয়ে যেতে চান চৌধুরী মোহাম্মদ শাহজাহান। তাঁর স্বপ্ন, বাবার রেখে যাওয়া জনসেবার ঐতিহ্য ও মানুষের ভালোবাসাকে পুঁজি করে একটি শান্তিপূর্ণ, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলা।
শাহজাহান চৌধুরী প্রবীণ রাজনীতিবিদ ও বৃহত্তর রুস্তমপুর ইউনিয়নের সাবেক দুইবারের চেয়ারম্যান বশির চৌধুরীর ছেলে। বাবার রাজনৈতিক জীবন, মানুষের প্রতি তাঁর দায়বদ্ধতা এবং এলাকার উন্নয়নে নেওয়া বিভিন্ন উদ্যোগ শাহজাহান চৌধুরীর পথচলায় অনুপ্রেরণা হিসেবে কাজ করছে। বর্তমানে তিনি উপজেলা মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন।
স্থানীয় প্রবীণ মুরুব্বিদের ভাষ্য, বশির চৌধুরী চেয়ারম্যান থাকাকালে বৃহত্তর রুস্তমপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় উল্লেখযোগ্য উন্নয়নমূলক কাজ হয়েছে। বিশেষ করে
এলাকায় তাঁর সময়ে নানা উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হয়। শান্তি-শৃঙ্খলা বজায় রেখে মানুষের কল্যাণে কাজ করার জন্য তিনি এলাকাবাসীর কাছে একজন ভালো মানুষ ও জনবান্ধব জনপ্রতিনিধি হিসেবে পরিচিত ছিলেন।
একজন স্থানীয় প্রবীণ মুরুব্বি সিরাজ উদ্দিন বলেন, বশির চৌধুরী চেয়ারম্যান থাকাকালে এলাকায় অনেক উন্নয়ন হয়েছে। তিনি শান্তি-শৃঙ্খলা বজায় রেখে মানুষের জন্য কাজ করেছেন। তাঁর ছেলে শাহজাহান চৌধুরীকেও আমরা ভালো মানুষ হিসেবে জানি। আশা করি, তিনি নির্বাচিত হলে বাবার আদর্শ ধারণ করে এলাকার সার্বিক উন্নয়নে অগ্রাধিকার দেবেন। তাঁর হাত ধরে রুস্তমপুর ইউনিয়ন আরও উন্নত হবে-এমনটাই আমাদের প্রত্যাশা।
শাহজাহান চৌধুরীর ভাবনায় জনপ্রতিনিধিত্ব মানে শুধু একটি পদ বা পরিচয় নয়; বরং মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এবং এলাকার সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করা। তাঁর পরিকল্পনার মধ্যে রয়েছে শিক্ষার মানোন্নয়ন, স্বাস্থ্যসেবার সুযোগ বৃদ্ধি, রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, নিরাপদ পানীয় জলের ব্যবস্থা এবং বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে উদ্যোগ নেওয়া। পাশাপাশি দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা এবং সামাজিক নিরাপত্তাবেষ্টনীর সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়ার বিষয়েও গুরুত্ব দিতে চান তিনি।
তাঁর সমর্থকদের দাবি, সিলেট-৪ আসনের সংসদ সদস্য ও প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে শাহজাহান চৌধুরীর সুসম্পর্ক রয়েছে। তাঁদের প্রত্যাশা, এই যোগাযোগ এলাকার উন্নয়নসংক্রান্ত বিষয়গুলো সংশ্লিষ্ট মহলে তুলে ধরতে এবং প্রয়োজনীয় সহযোগিতা আদায়ে সহায়ক হতে পারে।
শাহজাহান চৌধুরীর প্রত্যাশা, দল-মত, ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে রুস্তমপুর ইউনিয়নের প্রতিটি মানুষের জন্য কাজ করতে পারবেন তিনি। তাঁর কাছে এলাকার প্রতিটি গ্রাম, প্রতিটি পরিবার এবং প্রতিটি মানুষের সমস্যা সমান গুরুত্ব পাওয়ার দাবি রাখে। বাবার মতো মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করে উন্নয়নের ধারাকে এগিয়ে নেওয়াই তাঁর মূল লক্ষ্য।
বাবার রেখে যাওয়া জনসেবার স্মৃতি, মানুষের ভালোবাসা এবং একটি উন্নত রুস্তমপুর গড়ার প্রত্যয় এই তিনটি স্বপ্নকে সঙ্গী করেই এগিয়ে যেতে চান শাহজাহান চৌধুরী। তাঁর প্রত্যাশা, মানুষের পাশে থাকার সুযোগ পেলে কথার চেয়ে কাজের মাধ্যমে আস্থা অর্জন করবেন এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় রুস্তমপুর ইউনিয়নকে আরও সুন্দর, সমৃদ্ধ ও সম্ভাবনাময় করে তুলতে ভূমিকা রাখবেন।