শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের হাওরাঞ্চল অধ্যুষিত শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের ফয়েজুল্লাপুর গ্রামের কৃতী সন্তান মোহাম্মদ আল আমিন যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী ‘বার-অ্যাট-ল’ (Bar-at-Law) ডিগ্রি অর্জন করে ব্যারিস্টার হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি (Call to the Bar) লাভ করেছেন। তার এই অনন্য অর্জনে নিজ গ্রাম ফয়েজুল্লাপুরসহ পুরো শাল্লা উপজেলাজুড়ে আনন্দের জোয়ার বইছে।
ব্যারিস্টার মোহাম্মদ আল আমিন শিক্ষক মোঃ আব্দুল আলী ও তৈজ্জতুন নেছার জ্যেষ্ঠ পুত্র। সম্প্রতি যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী ‘ইনস অব কোর্ট’ (Inns of Court)-এর অন্যতম ইনার টেম্পল (Inner Temple) থেকে আয়োজিত এক সমাবর্তন অনুষ্ঠানের মাধ্যমে তাকে ব্যারিস্টার হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করা হয়। কালনী নদীর পাড়ের প্রত্যন্ত হাওর জনপদ থেকে উঠে এসে আন্তর্জাতিক অঙ্গনে আইন পেশায় এই সর্বোচ্চ ডিগ্রি অর্জনের মাধ্যমে তিনি এলাকার মুখ উজ্জ্বল করেছেন। তার এই সাফল্যে দেশ-বিদেশে অবস্থানরত সর্বস্তরের মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।
আল আমিনের এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে স্থানীয় শুভাকাঙ্ক্ষী ও সচেতন মহল জানান, ভাটি অঞ্চলের তরুণ প্রজন্মের জন্য মোহাম্মদ আল আমিন এক উজ্জ্বল অনুপ্রেরণা হয়ে থাকবেন। তার এই সাফল্য এলাকার শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় আরও বেশি আগ্রহী ও আত্মবিশ্বাসী করে তুলবে।
নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ব্যারিস্টার মোহাম্মদ আল আমিন বলেন, “ব্যারিস্টার ডিগ্রি অর্জন করায় প্রথমেই মহান সৃষ্টিকর্তার প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি আমার বাবা-মা, শিক্ষক, শুভাকাঙ্ক্ষী এবং দেশ-বিদেশে অবস্থানরত সবার দোয়া ও সহযোগিতার জন্য আমি কৃতজ্ঞ।”
ভবিষ্যতে আইন পেশার মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি আরও বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা এবং ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে আমি কাজ করে যেতে চাই। শুধু নিজের এলাকা নয়, বরং বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হিসেবে সমগ্র বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠায় আমার সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে।