• ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ,

মাদকবিরোধী অভিযানে শাল্লায় ইউপি সদস্য ও সহযোগী গ্রেপ্তার

Daily Sonali Sylhet
প্রকাশিত জুলাই ১৪, ২০২৬
মাদকবিরোধী অভিযানে শাল্লায় ইউপি সদস্য ও সহযোগী গ্রেপ্তার

শাল্লা প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় অভিযান চালিয়ে ৩০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাহাড়া ইউনিয়ন পরিষদের এক সদস্য ও তার সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৩ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে শাল্লা উপজেলার ৩ নম্বর বাহাড়া ইউনিয়নের বাহাড়া (উত্তরপাড়া) এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে শাল্লা থানা পুলিশ। এসআই মো. ইমাম আরেফিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে বাহাড়া ইউনিয়নের ইউপি সদস্য দেবব্রত তালুকদার (৩৪) ও তার সহযোগী জীবেশ দাশ (২৪)-কে আটক করা হয়।

পরে আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে জীবেশ দাশের বসতঘরের শয়নকক্ষের খাটের নিচে রাখা তিনটি প্লাস্টিকের কন্টেইনার তল্লাশি করে মোট ৩০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৪(খ) ধারায় শাল্লা থানায় মামলা (নং-০৯, তারিখ: ১৪ জুলাই ২০২৬) দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রোকিবুজ্জামান বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। শাল্লা উপজেলাকে মাদকমুক্ত করতে পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা ও কঠোরতার সঙ্গে কাজ করছে। কোনো মাদক ব্যবসায়ী বা মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না।”

১৪ জুলাই ২০২৬

মাদকবিরোধী অভিযানে শাল্লায় ইউপি সদস্য ও সহযোগী গ্রেপ্তার

বিস্তারিত কমেন্টে