
সামাজিক উন্নয়ন, দাওয়াহ ও সামাজিক নেতৃত্বে ইমামদের ভূমিকা জোরদার করার লক্ষ্যে সিলেটে অনুষ্ঠিত হলো ‘মিট অ্যান্ড গ্রিট উইথ ইমামস শীর্ষক এক বিশেষ আলোচনা সভা। ড্রীমস অ্যান্ড হোপ সোশ্যাল অর্গানাইজেশন, সিলেটের উদ্যোগে ১ আগস্ট ২০২৬ (শনিবার) দুপুর ২:০০ টায় নগরীর সোবহানীঘাটস্থ ‘দ্য সিলেট বুফে হাউস অ্যান্ড পার্টি সেন্টার’-এ অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব। তিনি তাঁর বক্তব্যে মুসলিম ভ্রাতৃত্ববোধ ও জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরে বলেন: ”সমাজের অগ্রগতি ও দেশের সার্বিক উন্নয়নের জন্য মুসলিম ভ্রাতৃত্ববোধ বজায় রাখা অপরিহার্য। বর্তমান প্রেক্ষাপটে সমাজের সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধ রাখতে এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিতে উপস্থিত ইমাম ও সুধীসমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।”
হাফেজ এইচ কে আশরাফ উদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। তেলাওয়াত করেন ড্রীমস অ্যান্ড হোপ সোশ্যাল অর্গানাইজেশনের কোষাধ্যক্ষ হাফেজ মো. জাকারিয়া।
স্বাগত বক্তব্য রাখেন ড্রীমস অ্যান্ড হোপ সোশ্যাল অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক আশরাফুল ওয়াদুদ। তিনি সংগঠনের সমাজসেবামূলক ও উন্নয়নমূলক নানা কার্যক্রমের কথা তুলে ধরেন এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ইমামদের সহযোগিতা কামনা করেন।
সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন ফিলিপাইন ক্রিশ্চিয়ান ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. আনোয়ারুল ওয়াদুদ। তিনি সমাজে ইমামদের প্রভাবশালী নেতৃত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে যুগের সাথে তাল মিলিয়ে ইমামদের দক্ষতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।
ড্রীমস অ্যান্ড হোপ সোশ্যাল অর্গানাইজেশনের আয়োজনে অনুষ্ঠিত এই ভাবগাম্ভীর্যপূর্ণ সভায় সংগঠনের কর্মকর্তা, সদস্য ও সিলেটের বিভিন্ন মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন।