• ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ,

কোম্পানীগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারি নিয়োগে অনিয়মের অভিযোগ সমাজসেবা কর্মকর্তার অপসারণ ও নিয়োগ তালিকা বাতিলের দাবি

Daily Sonali Sylhet
প্রকাশিত আগস্ট ৯, ২০২৬
কোম্পানীগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারি নিয়োগে অনিয়মের অভিযোগ সমাজসেবা কর্মকর্তার অপসারণ ও নিয়োগ তালিকা বাতিলের দাবি

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকাশিত নিয়োগ তালিকা বাতিল করে পুনরায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় নিয়োগের দাবি জানিয়েছে সাবেক বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের একাংশ। এ দাবিতে রোববার (৯ আগস্ট) সকাল ১১টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সাবেক বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয়রা অংশ নেন।

সমাবেশে বক্তারা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবু ছাঈদ মিয়ার বিরুদ্ধে নিয়োগ প্রক্রিয়ায় দলীয় পক্ষপাতিত্ব, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ তোলেন। তারা প্রকাশিত নিয়োগ তালিকা বাতিল করে পুনরায় যাচাই-বাছাইয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়ার দাবি জানান। একই সঙ্গে অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান তারা।

বক্তারা বলেন, ফ্যামিলি কার্ড শুমারি একটি গুরুত্বপূর্ণ সরকারি কার্যক্রম। তাই এ কার্যক্রমে জনবল নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও মেধাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন। কোনো ধরনের পক্ষপাতিত্ব বা অনিয়ম থাকলে তা তদন্তের মাধ্যমে স্পষ্ট করা উচিত। তবে আন্দোলনকারীদের এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবু ছাঈদ মিয়া। তিনি বলেন, ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে যারা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি, তাদের মাধ্যমেই মূলত আন্দোলন করা হচ্ছে।

নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে তিনি জানান, তথ্য সংগ্রহকারী পদে মোট ৫৭৪ জন আবেদন করেন। পরীক্ষায় উত্তীর্ণ হন ৫৬ জন। আর সুপারভাইজার পদে ৫৮ জন আবেদনকারীর মধ্যে পরীক্ষায় উত্তীর্ণ হন ৬ জন। প্রতিটি ইউনিয়নে একজন করে সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, আমি নিজে কোনো পরীক্ষা নিইনি। পরীক্ষা গ্রহণ ও সংশ্লিষ্ট কার্যক্রমে কৃষি কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, আইসিটি কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, পিআইইউ, পরিসংখ্যান বিভাগ এবং সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কর্মকর্তারা দায়িত্ব পালন করেছেন।

সমাজসেবা কর্মকর্তা বলেন, পরীক্ষার প্রয়োজন না থাকলে ৫৭৪ জন আবেদনকারীকেই সরাসরি নিয়োগ দেওয়া যেত। যোগ্য প্রার্থী বাছাইয়ের জন্যই পরীক্ষা নেওয়া হয়েছে।
এদিকে নিয়োগ প্রক্রিয়া নিয়ে উত্থাপিত অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত ঘটনা প্রকাশের দাবি জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রম যাতে কোনো বিতর্ক ছাড়াই স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন হয়, সে বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

০৯ আগস্ট ২০২৬

কোম্পানীগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারি নিয়োগে অনিয়মের অভিযোগ সমাজসেবা কর্মকর্তার অপসারণ ও নিয়োগ তালিকা বাতিলের দাবি

বিস্তারিত কমেন্টে