
জৈন্তাপুর প্রতিনিধি: জৈন্তাপুর পৌরসভা দ্রুত বাস্তবায়ন, এলাকার উন্নয়ন ও স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আবুল হাসিম।
সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত এ সাক্ষাতে আবুল হাসিম জৈন্তাপুর উপজেলার সার্বিক পরিস্থিতি, স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা এবং উন্নয়নমূলক নানা বিষয় মন্ত্রীর কাছে তুলে ধরেন। এ সময় জৈন্তাপুর পৌরসভা দ্রুত বাস্তবায়নের প্রয়োজনীয়তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে উপস্থাপন করেন তিনি। সাক্ষাৎকালে আবুল হাসিম আগামী নির্বাচনে জৈন্তাপুর পৌরসভার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহের কথাও মন্ত্রীকে জানান।
আলোচনায় মন্ত্রী আরিফুল হক চৌধুরী জৈন্তাপুর পৌরসভা বাস্তবায়নের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানান আবুল হাসিম। একই সঙ্গে জৈন্তাপুরের সার্বিক উন্নয়ন এবং স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও তিনি জানিয়েছেন। সাক্ষাৎ শেষে আবুল হাসিম বলেন, জৈন্তাপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ, পৌরসভা বাস্তবায়ন এবং এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে তিনি ভবিষ্যতেও কাজ করে যেতে চান। এ লক্ষ্যে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।