
নিজস্ব প্রতিবেদক : সিলেটে একটি হত্যা মামলার রায়কে কেন্দ্র করে আইনজীবীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও মানহানিকর বক্তব্য প্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকের কাছে লিখিত আবেদন করেছেন অ্যাডভোকেট জহির মিয়া ইমন।
২৩ আগস্ট ২০২৬ তারিখে দেওয়া আবেদনে অ্যাডভোকেট জহির মিয়া ইমন উল্লেখ করেন, তিনি ২০১৮ সাল থেকে সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য হিসেবে সততা ও নিষ্ঠার সঙ্গে আইন পেশায় দায়িত্ব পালন করে আসছেন। তিনি দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন ১০৮০/২০২৬ নম্বর মামলায় আসামি সজিব আহমদ সোলেমানের পক্ষে নিয়োজিত আইনজীবী হিসেবে মামলা পরিচালনা করছিলেন।
আবেদনে তিনি দাবি করেন, মামলাটিতে গত ১৯ আগস্ট ২০২৬ তারিখে রায় ঘোষণা করা হয় এবং আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার পর আসামির স্বজন মো. শামীম আহমদ বিষয়টি নিয়ে জানতে চাইলে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে তার বিরুদ্ধে একটি পরিকল্পিত পরিস্থিতি সৃষ্টি করা হয় বলে অভিযোগ করেন ওই আইনজীবী।
অ্যাডভোকেট জহির মিয়া ইমনের অভিযোগ, তার অজ্ঞাতে ওই ঘটনার ভিডিও ধারণ করে পরবর্তীতে আসামির মা ও বোনের বক্তব্যসহ সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন মাধ্যমে প্রচার করা হয়। এতে তার ব্যক্তিগত মান-সম্মান ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি সিলেটের আইনজীবী সমাজের বিরুদ্ধেও অপপ্রচার চালানো হচ্ছে বলে আবেদনে উল্লেখ করেন তিনি।
তিনি আরও দাবি করেন, গত দুই দিন ধরে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন নিউজের মাধ্যমে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এ পরিস্থিতিতে বিষয়টি তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিলেট জেলা আইনজীবী সমিতির কাছে অনুরোধ জানিয়েছেন তিনি। আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট ঘটনার বিষয়ে প্রয়োজনীয় তদন্ত ও ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়ে আইনজীবী সমিতির হস্তক্ষেপ কামনা করা হয়েছে। তবে অভিযোগে অভিযুক্ত পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযোজন করা হবে।