
কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাটে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৪৩ হাজার টাকাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর এক আসামি কৌশলে পালিয়ে যায়। মঙ্গলবার (২৬ আগস্ট) ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে কানাইঘাট উপজেলার ৫ নম্বর বড় চতুল ইউনিয়নের দুর্গাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি আব্দুর রহমান (৪০)। তিনি কানাইঘাট উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত আরব আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলামের দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) আব্দুল হান্নানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে এএসআই (নিরস্ত্র) একেএম জিয়াউল হক, এএসআই (নিরস্ত্র) জুলহাস উদ্দিনসহ পুলিশের একটি দল অংশ নেয়। অভিযানকালে আব্দুর রহমানকে তার নিজ বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৪৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গ্রেফতারকৃত আব্দুর রহমান ও পলাতক অপর এক আসামির বিরুদ্ধে কানাইঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মঙ্গলবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।