
হবিগঞ্জে মোটরসাইকেল ও টমটম ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে বিপ্লব দেব (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল-মিরপুর আঞ্চলিক সড়কের সুঘর সুপার ব্রিকফিল্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিপ্লব দেব বাহুবল উপজেলার লামাতাসি ইউনিয়নের মোদাহারবাদ গ্রামের সমীর দেবের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিপ্লব দেব মোটরসাইকেলযোগে হবিগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। পথে সুঘর সুপার ব্রিকফিল্ডের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি টমটম ইজিবাইকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক।