
জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর সীমান্তে ভারতীয় চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে গরু, মহিষ, মাদক, কসমেটিকসসহ বিভিন্ন ধরনের পণ্য বাংলাদেশে প্রবেশ ঠেকাতে নিয়মিত অভিযান ও টহল জোরদার করা হয়েছে। জৈন্তাপুর রাজবাড়ি বিওপির কমান্ডারের সঙ্গে কথা বলে জানা গেছে, বিজিবির কঠোর নজরদারি ও ধারাবাহিক অভিযানের কারণে জৈন্তাপুর সীমান্ত দিয়ে ভারতীয় চোরাচালান আগের তুলনায় কমে এসেছে। চোরাকারবারিরা সীমান্ত পার হয়ে অবৈধ পণ্য আনতে গিয়ে নানা ধরনের বাধার মুখে পড়ছেন।
বিজিবি সূত্রে জানা যায়, জৈন্তাপুর সীমান্তের বিভিন্ন পয়েন্টে নিয়মিত টহল পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি সন্দেহজনক গতিবিধির ওপর রাখা হচ্ছে বিশেষ নজর। এরই ধারাবাহিকতায় বিভিন্ন সময়ে ভারতীয় গরু-মহিষসহ নানা ধরনের অবৈধ পণ্য আটক করছে বিজিবি। স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তের কয়েকটি ঝুঁকিপূর্ণ পয়েন্টে বিজিবির টহল আরও জোরদার করা হয়েছে। দিনের পাশাপাশি গুরুত্বপূর্ণ সময়ে বাড়ানো হয়েছে নজরদারি। ফলে চোরাকারবারিদের তৎপরতা অনেকটাই কমে এসেছে বলে দাবি সংশ্লিষ্টদের।
রাজবাড়ি বিওপির দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ পণ্য প্রবেশ ঠেকাতে বিজিবির অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। এদিকে, স্থানীয় বাসিন্দারা বলছেন, সীমান্তে বিজিবির নজরদারি ও টহল আরও জোরদার হলে চোরাচালান পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।