
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে কৃষকদের আধুনিক ও উন্নত ডাল ও তেল শস্য উৎপাদন প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। কৃষি উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক কৃষি প্রযুক্তি মাঠপর্যায়ে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। সোমবার (১ সেপ্টেম্বর ২০২৬) দোয়ারাবাজার উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দোয়ারাবাজার, সুনামগঞ্জের আয়োজনে ২০২৫–২৬ অর্থবছরের ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি এসিস্টেন্স প্রজেক্ট (ফ্রিপ)-এর আওতায় দিনব্যাপী এ কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ওমর ফারুক, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সুনামগঞ্জ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আব্দুল মমিন, কৃষি অফিসার, দোয়ারাবাজার, সুনামগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আশরাফুল আলম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এছাড়াও প্রশিক্ষণে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ বাবুল রায়, মোঃ বদরুল আলম ও গোলাম মোস্তফাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রশিক্ষণে উপজেলার বাংলাবাজার ইউনিয়ন ও দোয়ারা বাজার সদর ইউনিয়ন থেকে ৬০ জন কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেন। এ সময় কৃষকদের ডাল ও তেল শস্যের আধুনিক উৎপাদন পদ্ধতি, উন্নত জাত নির্বাচন, জমি প্রস্তুতি, সার ব্যবস্থাপনা, রোগবালাই দমন এবং ফলন বৃদ্ধির বিভিন্ন কৌশল সম্পর্কে ধারণা দেওয়া হয়।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রত্যেক কৃষক ও কৃষাণীর জন্য সকালের নাস্তা ও দুপুরের খাবারের ব্যবস্থা করা হয় এবং প্রত্যেককে ৫০০ টাকা করে ভাতা প্রদান করা হয়।
বক্তারা বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ডাল ও ভোজ্যতেলের উৎপাদন বাড়াতে কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে আরও উৎসাহিত করতে হবে। এ ধরনের প্রশিক্ষণ কৃষকদের দক্ষতা বৃদ্ধি এবং কৃষি উৎপাদন সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।