• ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পেশকারের বিরুদ্ধে ঘুষ ও অসদাচরণের অভিযোগ

Daily Sonali Sylhet
প্রকাশিত সেপ্টেম্বর ৫, ২০২৬
সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পেশকারের বিরুদ্ধে ঘুষ ও অসদাচরণের অভিযোগ

স্টাফ রিপোর্টার: সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এক পেশকারের বিরুদ্ধে ঘুষ দাবি, দায়িত্ব পালনে অনিয়ম, পেশাগত অসদাচরণ এবং বিচারপ্রার্থী ও আইনজীবীদের হয়রানির অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন আদালতের পেশকার মিজানুর রহমান। অভিযোগকারীদের দাবি, মামলাসংক্রান্ত ও দাপ্তরিক বিভিন্ন কাজে অর্থ দাবি করা হয়। চাহিদামতো টাকা না দিলে মামলার কার্যক্রমে বিলম্ব, নির্ধারিত সময়ে দৈনন্দিন কার্যতালিকায় মামলা না তোলা, দীর্ঘ তারিখ দেওয়া এবং প্রসেস প্রদানে দেরি করার মাধ্যমে হয়রানি করা হয় বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় বিচারপ্রার্থী, আইনজীবী সহকারী ও আইনজীবীদের পক্ষ থেকে পেশকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা অভিযোগ রয়েছে বলেও দাবি করা হয়েছে। আইনজীবী অ্যাডভোকেট কানন আলম অভিযোগ করে বলেন, পেশকার মিজানুর রহমান বিভিন্ন সময় আইনজীবী, মুহুরী ও বিচারপ্রার্থীদের সঙ্গে রূঢ় আচরণসহ পেশাগত অসদাচরণ করে আসছেন।

তিনি বলেন, “বারবার সতর্ক করার পরও তার আচরণের পরিবর্তন হয়নি। এ কারণে তার বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে। আইনজীবী সমিতির অনুমতি নিয়ে প্রয়োজনীয় তথ্য-প্রমাণসহ দুর্নীতি দমন কমিশনেও অভিযোগ দেওয়া হবে।” অ্যাডভোকেট কানন আলমের অভিযোগ, মামলার বিভিন্ন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে অর্থের বিনিময়ে সহযোগিতার অভিযোগ রয়েছে। টাকা না দিলে দায়িত্ব পালনে অসহযোগিতা এবং মামলা পরিচালনার সঙ্গে সংশ্লিষ্টদের ভোগান্তিতে ফেলার অভিযোগও করেন তিনি।

অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে একই আদালতে দায়িত্ব পালন করায় পেশকারের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগকারীদের দাবি, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। এ বিষয়ে অভিযুক্ত পেশকার মিজানুর রহমানের বক্তব্য জানতে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ফলে তার বক্তব্য জানা সম্ভব হয়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা সংবাদে সংযুক্ত করা হবে।

এদিকে সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট গোলাম ইয়াহিয়া চৌধুরী সুহেল এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জুবায়ের বখত জুবের বলেন, সাম্প্রতিক সময়ে কোর্ট-কাচারিতে কিছু পিয়ন ও পেশকারের বিরুদ্ধে পেশাগত অসদাচরণ, দায়িত্বে অবহেলা এবং অনিয়মের অভিযোগ বেড়েছে।

তারা জানান, বিষয়টি আইনজীবী সমিতির আগামী সভায় আলোচনা করা হবে। পরে জেলা জজ, মহানগর দায়রা জজ, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে আনুষ্ঠানিকভাবে বিষয়গুলো তুলে ধরা হবে। আইনজীবী মহলের দাবি, বিচারপ্রার্থী মানুষের সেবা নিশ্চিত করতে আদালতের দাপ্তরিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে কোনো কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

 

০৫ সেপ্টেম্বর ২০২৬

সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পেশকারের বিরুদ্ধে ঘুষ ও অসদাচরণের অভিযোগ

বিস্তারিত কমেন্টে