
নিজস্ব প্রতিবেদক: সিলেটের জকিগঞ্জে নিজ ঘর থেকে এক গর্ভবতী মা ও তার চার বছরের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বারহাল ইউনিয়নের বুরহানপুর গ্রামের দাশপাড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন—চম্পা রাণী দাশ (৩৫) এবং তার চার বছর বয়সী মেয়ে হৃদি দাশ। স্থানীয় সূত্রে জানা গেছে, চম্পা রাণী দাশ গর্ভবতী ছিলেন। তিনি শাহগলী বাজারের জুয়েলারি ব্যবসায়ী রতন দাশের স্ত্রী। স্থানীয় সূত্র জানায়, শনিবার সন্ধ্যার দিকে চম্পা রাণী দাশ ও তার ছোট মেয়েকে ঘরের ভেতরে একই ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে যান।
বারহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। তিনি বলেন, স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, নিহত চম্পা রাণী দাশ গর্ভবতী ছিলেন। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তিনি আরও জানান, ঘটনাটি জানার পর জকিগঞ্জ থানার পুলিশকে বিষয়টি অবহিত করা হয়।
জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে জকিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. সুজন মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সরেজমিনে তদন্ত করবে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়ার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।