
মো: আজমুল হোসেন ,আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: “শিশু বিয়ে আর নয়—কন্যাশিশু করবে বিশ্বজয়” প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের আজমিরীগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আজমিরীগঞ্জ, হবিগঞ্জের আয়োজনে এ র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিতে নেতৃত্ব দেন আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জসিম উদ্দিন চৌধুরী। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, আজমিরীগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
দিবসটির মূল উদ্দেশ্য হলো কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং সমাজে কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করতে জনসচেতনতা বৃদ্ধি করা। র্যালিতে অংশগ্রহণকারীরা বাল্যবিবাহ বন্ধ, কন্যাশিশুর শিক্ষা নিশ্চিতকরণ এবং তাদের জন্য নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান।
আয়োজকরা মনে করেন, কন্যাশিশুর অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বাল্যবিবাহ প্রতিরোধ এবং কন্যাশিশুর সম্ভাবনা বিকাশে সবাইকে এগিয়ে আসতে হবে। কন্যাশিশুর সুরক্ষা, অধিকার প্রতিষ্ঠা এবং সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার প্রত্যয় নিয়ে দিবসটি উদযাপন করা হয়।