• ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

জকিগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভায় শেওলা-জকিগঞ্জ সড়কের কাজে কঠোর নজরদারি, চুরি-ডাকাতি রোধে ইউনিয়নভিত্তিক কমিটি গঠনের সিদ্ধান্ত

Daily Sonali Sylhet
প্রকাশিত অক্টোবর ১৮, ২০২৬
জকিগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভায় শেওলা-জকিগঞ্জ সড়কের কাজে কঠোর নজরদারি, চুরি-ডাকাতি রোধে ইউনিয়নভিত্তিক কমিটি গঠনের সিদ্ধান্ত

মোঃ আব্দুল মালিক,জকিগঞ্জ: সিলেটের জকিগঞ্জে শেওলা-জকিগঞ্জ সড়কের নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করতে নিয়মিত তদারকি এবং চুরি-ডাকাতিসহ অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে উপজেলার প্রতিটি ইউনিয়নে প্রতিরোধ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে সাম্প্রতিক কয়েকটি অপরাধের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) জকিগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজিত কুমার চন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়নকাজের মান এবং আসন্ন শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় শেওলা-জকিগঞ্জ সড়কের চলমান উন্নয়নকাজের মান নিয়ে আলোচনা করে নিয়মিত তদারকির দায়িত্ব দেওয়া হয় উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে (এলজিইডি)। নির্মাণকাজে কোনো অনিয়ম বা অসংগতি নজরে এলে ঠিকাদার কিংবা সংশ্লিষ্ট কর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ না করে সরাসরি এলজিইডি কার্যালয় অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হয়।

অন্যদিকে, উপজেলায় চুরি-ডাকাতি ও অন্যান্য অপরাধ প্রতিরোধে পুলিশি তৎপরতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। স্থানীয় পর্যায়ে নিরাপত্তা জোরদার করতে প্রতিটি ইউনিয়নে প্রতিরোধ কমিটি গঠনের উদ্যোগের কথা জানায় থানা পুলিশ। এ ক্ষেত্রে পুলিশ, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সমন্বিত অংশগ্রহণকে অপরিহার্য বলে উল্লেখ করা হয়।

সভায় উত্তরকুলে দুই সহোদর ভাইয়ের বাড়িতে ডাকাতি এবং ডাকাতদের হামলায় ব্যবসায়ী শামীম আহমদ গুরুতর আহত হওয়ার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। পাশাপাশি সোনাসারে জামিল আহমদকে অপহরণ করে মারধর এবং মুন্সীবাজারের ওয়াজেদ আলী মজুমদার বিদ্যানিকেতনে গভীর রাতে চুরির ঘটনাও আলোচনায় আসে। এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি ঠেকাতে পুলিশকে আরও সক্রিয় হওয়ার তাগিদ দেওয়া হয়।
সভায় বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী মো. আজমীর শরীফুল ইসলাম, জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) মনোজ কুমার,উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাশ, বিরশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার,খলাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক, জকিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান আহমদ, বারঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহসিন মর্তুজা চৌধুরী টিপু এবং মানিকপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সহিদ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল মুছব্বির, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ছারওয়ার হোসেন, উপজেলা জমিয়তের সহ-সম্পাদক সাংবাদিক কে এম মামুন, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, জকিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এখলাছুর রহমান,সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না,সাংবাদিক রহমত আলী হেলালী,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি হীরালাল বিশ্বাস,পূজা উদযাপন ফ্রন্টের সেক্রেটারি সুরঞ্জিত কুমার রায় এবং জকিগঞ্জ পৌর বিএনপির সভাপতি মাসুক আহমদ। এ ছাড়া বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ফায়ার সার্ভিসের প্রতিনিধিরাও সভায় অংশ নেন। সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্‌যাপন নিশ্চিত করতে সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা নিয়েও আলোচনা করা হয়। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন,অপরাধ দমন এবং উন্নয়নকাজের গুণগত মান বজায় রাখতে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।

১৮ অক্টোবর ২০২৬

জকিগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভায় শেওলা-জকিগঞ্জ সড়কের কাজে কঠোর নজরদারি, চুরি-ডাকাতি রোধে ইউনিয়নভিত্তিক কমিটি গঠনের সিদ্ধান্ত

বিস্তারিত কমেন্টে