
বড়লেখা প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসবে ঘরমুখো মানুষ ও দর্শনার্থীদের নিরাপদ, নির্বিঘ্ন এবং যানজটমুক্ত যাতায়াত নিশ্চিত করতে মৌলভীবাজারের বড়লেখায় টানা ছয়দিন ধরে যৌথভাবে কাজ করছে স্থানীয় প্রশাসন ও জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা।
দুর্গাপূজার মহাষষ্ঠীর আগের দিন থেকে শুরু হওয়া এ কর্মসূচি মঙ্গলবার (২০ অক্টোবর) নবমী পর্যন্ত অব্যাহত রয়েছে। বিজয়া দশমী ও পরবর্তী সময়েও বিশেষ এ কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্টরা।
সরেজমিনে দেখা গেছে, দুর্গোৎসবকে কেন্দ্র করে সড়কে যানবাহনের চাপ ও দর্শনার্থীদের ভিড় বেড়ে যাওয়ায় বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় এবং পূজামণ্ডপসংলগ্ন সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছেন নিসচার স্বেচ্ছাসেবী ও প্রশাসনের সদস্যরা। তাঁরা ট্রাফিক পুলিশকে যানবাহন নিয়ন্ত্রণে সহায়তা করছেন এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে দায়িত্ব পালন করছেন।
পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায় রোধ, ফিটনেসবিহীন যানবাহন নিয়ন্ত্রণ এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের মনিটরিং কার্যক্রমও চলছে। এ সময় সড়কে চলাচলকারী যাত্রী ও চালকদের মধ্যে সড়ক নিরাপত্তাবিষয়ক লিফলেট বিতরণ করা হচ্ছে।
নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন বলেন, “দুর্গোৎসবে সড়কে মানুষের চলাচল অনেক বেড়ে যায়। প্রতি বছরের মতো এবারও সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং সড়ক দুর্ঘটনা রোধে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে টানা সাত দিন ও পরবর্তী সময়ে মাঠে থাকার সিদ্ধান্ত নিয়েছি। চালক ও পথচারীদের ট্রাফিক আইন মানতে সচেতন করার পাশাপাশি পূজামণ্ডপের আশপাশের ট্রাফিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা কাজ করছি।”
ট্রাফিক সার্জেন্ট (ভারপ্রাপ্ত) বিল্লাল হোসেন বলেন, “পূজায় সাধারণ মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার। সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো ধরনের জনদুর্ভোগ এড়াতে নিসচার এই স্বেচ্ছাসেবী উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। প্রশাসন ও নিসচার যৌথ প্রচেষ্টায় আশা করি, উৎসবের দিনগুলোতে সড়ক যোগাযোগব্যবস্থা স্বাভাবিক ও নিরাপদ থাকবে।”
সংশ্লিষ্টরা জানান, উৎসবের দিনগুলোতে সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা এবং সড়কে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিজয়া দশমীর পরদিন পর্যন্ত এ যৌথ কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
কর্মসূচিতে অংশগ্রহণ করেন ট্রাফিক সার্জেন্ট (ভারপ্রাপ্ত) বিল্লাল হোসেন, ট্রাফিক পুলিশ সদস্য রুহুল আমিন, মো. সারওয়ার আহমদ, মাহবুব আহমদ, নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহসভাপতি গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন, অর্থ সম্পাদক এহসান আহমদ, কার্যনির্বাহী সদস্য ফরহাদ আহমদ, জাহাঙ্গীর আলম ও রাহেল আহমদ এবং পৌর ট্রাফিক সদস্য নুরুল ইসলাম, রাকিব আহমদ ও আদম আলী প্রমুখ।