
এ কে আজাদ : সিলেটের গোয়াইনঘাটে অভিযান চালিয়ে তিনটি চোরাই গরু উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় সেলিম মিয়া (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে গোয়াইনঘাট উপজেলার লেংগুড়া গ্রামের সেলিম মিয়ার বসতঘরের পূর্বদিকের বারান্দার দক্ষিণ কোণ থেকে গরু তিনটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ অক্টোবর রাতে উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের খর্দ্দা চিতামইন গ্রামের বাসিন্দা লিয়াকত আলীর গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লেংগুড়া গ্রামের মছরব আলী ওরফে কইতরের ছেলে সেলিম মিয়ার বসতঘর থেকে গরু তিনটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় গোয়াইনঘাট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ওমর ফারুক মোড়ল জানান, চোরাই তিনটি গরু উদ্ধারের ঘটনায় সেলিম মিয়া নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর বিজ্ঞ আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।