
নিজস্ব প্রতিবেদক: সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়নের কালিরগাঁও গ্রামে মার্কেট এক্টর বিজনেস স্কুলের উদ্যোগে টমেটো চাষিদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ২০ জন টমেটো চাষি অংশগ্রহণ করেন। এ সময় জাতীয় পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে টমেটো উৎপাদন, বাজারজাতকরণ এবং কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
বৈঠকে টমেটো চাষিদের বাজারজাতকরণে বিদ্যমান সমস্যা, বাজারব্যবস্থার উন্নয়ন এবং কৃষকদের উৎপাদিত টমেটো সঠিকভাবে ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার বিষয়ে মতবিনিময় করা হয়। পাশাপাশি কৃষকদের সঙ্গে বাজারসংশ্লিষ্ট ব্যক্তিদের কার্যকর যোগাযোগ ও সমন্বয় বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।
এতে উপস্থিত ছিলেন কৃষি বিপণন অধিদপ্তরের সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা আবু সালেহ মো. হুমায়ূন কবির এবং দৈনিক সোনালী সিলেটের ফটোসাংবাদিক আব্দুল ওয়াহিদসহ স্থানীয় টমেটো চাষিরা।
বৈঠকে অংশগ্রহণকারী কৃষকরা টমেটো চাষ ও বাজারজাতকরণের ক্ষেত্রে তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন। এ ধরনের উদ্যোগ কৃষকদের বাজার সম্পর্কে ধারণা বৃদ্ধি এবং উৎপাদিত পণ্যের বিপণনব্যবস্থা উন্নয়নে সহায়ক হবে বলে আশা প্রকাশ করা হয়।