
একাত্তরের মহান মুক্তিযুদ্ধে দেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে জকিগঞ্জের ঐতিহাসিক অবস্থানের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি এবার জাতীয় পর্যায়ে নতুন করে আলোচনায় এসেছে। জাতীয় সংসদে এ দাবি উত্থাপনের পর আগামী ১ ডিসেম্বর সিলেটের জকিগঞ্জকে মুক্তিযুদ্ধের প্রথম মুক্ত এলাকা হিসেবে ঘোষণার কথা সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের আশায় এখন ওই দিনের দিকে তাকিয়ে রয়েছেন জকিগঞ্জবাসী। সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি সম্প্রতি জাতীয় সংসদে স্পিকার বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর উত্তম এর সঙ্গে সাক্ষাতের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ১ ডিসেম্বরের কর্মসূচির বিষয়টি জানান। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, স্পিকারের সঙ্গে সাক্ষাতের মাধ্যমে এ কর্মসূচির বিষয়টি চূড়ান্ত হয়েছে।
এ সময় জাতীয় সংসদের হুইপ জি কে গউছ, সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন এবং সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান এমপি উপস্থিত ছিলেন।সাক্ষাৎ প্রসঙ্গে এমরান আহমদ চৌধুরী জানান,স্পিকারের কাছ থেকে মহান মুক্তিযুদ্ধের নানা ঘটনা ও প্রত্যক্ষ অভিজ্ঞতার কথা শুনে তাঁরা আবেগাপ্লুত হয়েছেন। পাকিস্তানি হানাদার বাহিনীর নির্যাতন এবং মুক্তিযুদ্ধকালীন সিলেট অঞ্চলের শত্রুমুক্ত হওয়ার ইতিহাস তাঁর স্মৃতিচারণে উঠে আসে। একজন বীর মুক্তিযোদ্ধার মুখে মুক্তিযুদ্ধের প্রত্যক্ষ অভিজ্ঞতা শোনাকে তিনি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেন।অন্যদিকে, সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসানের মিডিয়া সেলের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টেও ১ ডিসেম্বরের ঘোষণার বিষয়টি উল্লেখ করা হয়েছে। পোস্টে বলা হয়,জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেওয়া প্রথম বক্তব্যেই তিনি একাত্তরের মুক্তিযুদ্ধে জকিগঞ্জকে প্রথম এবং কানাইঘাটকে দ্বিতীয় মুক্তাঞ্চল হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি উত্থাপন করেন।
তাঁর উত্থাপিত দাবির পরিপ্রেক্ষিতে আগামী ১ ডিসেম্বর স্পিকার জকিগঞ্জকে মুক্তিযুদ্ধের প্রথম মুক্ত এলাকা হিসেবে ঘোষণা করবেন বলে পোস্টে উল্লেখ করা হয়।স্থানীয় ইতিহাস অনুযায়ী, ১৯৭১ সালের ২১ নভেম্বর সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে জকিগঞ্জ হানাদারমুক্ত হয়। এ দিনটি স্থানীয়ভাবে ‘জকিগঞ্জ মুক্তাঞ্চল দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে। মুক্তিযোদ্ধা,স্থানীয় বিভিন্ন সংগঠন ও সচেতন নাগরিকেরা দীর্ঘদিন ধরে জকিগঞ্জের এ ঐতিহাসিক অবস্থানের রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি করে আসছেন। ২০২৫ সালেও এ দাবিতে স্থানীয়ভাবে জনসভা অনুষ্ঠিত হয়।সম্প্রতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জকিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজিত আলোচনা সভায়ও বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে আসে। সভায় জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদসহ স্থানীয় বক্তারা সংসদ সদস্য মুফতি আবুল হাসানের কাছে ঐতিহাসিক এ দাবির স্বীকৃতি আদায়ে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। জবাবে সংসদ সদস্য জানান, তিনি জাতীয় সংসদে জকিগঞ্জকে দেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি উত্থাপন করেছেন।
এ বিষয়ে দ্রুত স্বীকৃতি পাওয়ার আশাবাদও ব্যক্ত করেন তিনি। দীর্ঘদিনের দাবি জাতীয় সংসদ পর্যন্ত পৌঁছানো এবং ১ ডিসেম্বরের সম্ভাব্য ঘোষণার খবরে জকিগঞ্জে নতুন করে আশার সঞ্চার হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, এ উদ্যোগের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে জকিগঞ্জের গৌরবোজ্জ্বল ভূমিকা জাতীয় ইতিহাসে যথাযথভাবে স্থান পাবে। তবে শুধু ঘোষণাই নয়, জকিগঞ্জকে প্রথম মুক্তাঞ্চল হিসেবে আনুষ্ঠানিক রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান, মুক্তিযুদ্ধের নির্ভরযোগ্য দলিল ও ঐতিহাসিক তথ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে এ ইতিহাস তুলে ধরার জন্য কার্যকর পদক্ষেপ চান স্থানীয় সচেতন মহল।দীর্ঘদিনের দাবি, আন্দোলন ও প্রত্যাশার পর জকিগঞ্জের মুক্তিযুদ্ধের ইতিহাস রাষ্ট্রীয় স্বীকৃতি পায় কি না, তা জানতে এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন জকিগঞ্জবাসী।