• ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ,

বিশ্ব সাপ দিবসে শ্রীমঙ্গলে অজগর সাপ উদ্ধার

Daily Sonali Sylhet
প্রকাশিত জুলাই ১৭, ২০২৬
বিশ্ব সাপ দিবসে শ্রীমঙ্গলে অজগর সাপ উদ্ধার

বিশ্ব সাপ দিবসের দিনে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার উত্তর ভাড়াউড়া এলাকার যোবায়ের আহমেদের বাড়ি থেকে সাপটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে যোবায়ের আহমেদের বাড়ি থেকে হাঁস ও মুরগির কয়েকটি বাচ্চা রহস্যজনকভাবে নিখোঁজ হচ্ছিল। আজ বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যরা বাড়ির দেয়ালের ওপর একটি অজগর সাপকে পাশের একটি গাছের দিকে যেতে দেখে বিষয়টি বুঝতে পারেন। ধারণা করা হচ্ছে, নিখোঁজ হওয়া হাঁস ও মুরগির বাচ্চাগুলো ওই অজগর সাপটিই খেয়ে আসছিল। পরে বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানানো হলে প্রতিষ্ঠানের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব এবং রিদন গৌড় ঘটনাস্থলে পৌঁছে অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

উদ্ধার অভিযান শেষে সাপটিকে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে শ্রীমঙ্গলে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। বন বিভাগের তত্ত্বাবধানে পরবর্তী সময়ে সাপটিকে নিরাপদ প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করার ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বিশ্ব সাপ দিবসে এ ধরনের উদ্ধার অভিযান বন্যপ্রাণী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির গুরুত্বকে আরও একবার সামনে নিয়ে এসেছে।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক,উদ্ধারকৃত অজগর সাপটি আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। আমরা সাপটি কমলগঞ্জের লাউয়াছড়া বনে অবমুক্ত করেছি। তিনি আরও জানান, অজগর বিষধর নয় এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই লোকালয়ে সাপ দেখা গেলে আতঙ্কিত হয়ে হত্যা না করে বন বিভাগ বা বন্যপ্রাণী উদ্ধারকারী সংস্থাকে খবর দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

১৭ জুলাই ২০২৬

বিশ্ব সাপ দিবসে শ্রীমঙ্গলে অজগর সাপ উদ্ধার

বিস্তারিত কমেন্টে