• ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ,

জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু

Daily Sonali Sylhet
প্রকাশিত জুলাই ১৮, ২০২৬
জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু

 সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার জামালগঞ্জ ফেরিঘাট এলাকার একটি ডকইয়ার্ডে নির্মাণাধীন একটি হাউজবোটে বিদ্যুতের সংযোগের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল উপজেলার দক্ষিণ কামলাবাজ গ্রামের আইয়ুব আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জামালগঞ্জ ফেরিঘাট সংলগ্ন একটি ডকইয়ার্ডে পর্যটকদের নৌভ্রমণের জন্য একটি হাউজবোট নির্মাণের কাজ চলছিল। নির্মাণকাজের শেষ পর্যায়ে বিদ্যুতের সংযোগ দেওয়ার সময় রাসেল একটি বৈদ্যুতিক বাল্ব লাগাতে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি গুরুতর আহত হন। পরে সহকর্মী ও স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জামালগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. আব্দুল বাতেন বলেন, বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় রাসেলকে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের মাতম বিরাজ করছে। স্থানীয়দের মধ্যেও নেমে এসেছে শোকের ছায়া।

১৮ জুলাই ২০২৬

জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু

বিস্তারিত কমেন্টে