• ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ,

সিলেটে আলোচনা সভায় সিসিক প্রশাসক সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি

Daily Sonali Sylhet
প্রকাশিত আগস্ট ২৯, ২০২৬
সিলেটে আলোচনা সভায় সিসিক প্রশাসক সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বিভিন্ন সময়ে এ দেশের মানচিত্রের পরিবর্তন হয়েছে। কিন্তু বিভিন্ন ধর্মের মানুষের সহাবস্থানে কোনো পরিবর্তন হয়নি। ১৯৪৭-পূর্ব সময়ে যেমন বিভিন্ন ধর্মের মানুষ পাশাপাশি বসবাস করেছেন, ১৯৪৭-পরবর্তী সময়েও সেই সম্প্রীতির ধারাবাহিকতা বজায় রয়েছে। এখনও আমরা যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির সঙ্গে বসবাস করছি।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে যুগলটিলাস্থ ইসকন সিলেট মন্দিরে শ্রীশ্রী বলরাম জয়ন্তী, শ্রীশ্রী রাধা-মাধবের শ্রীবিগ্রহ প্রতিষ্ঠার চতুর্থ বর্ষপূর্তি ও ঝুলনযাত্রার সমাপনী উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) সিলেট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিসিক প্রশাসক বলেন, বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনা ও ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য দীর্ঘদিনের। প্রধানমন্ত্রী তারেক রহমান একটি অসাম্প্রদায়িক দেশ গড়তে বদ্ধপরিকর। আমরা সেই লক্ষ্যেই কাজ করছি। কোনো অশুভ শক্তি যাতে সিলেটের দীর্ঘদিনের ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য নষ্ট করতে না পারে, সে বিষয়ে আমরা সজাগ ও সতর্ক রয়েছি।

তিনি বলেন, প্রত্যেক মানুষের নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করার অধিকার রয়েছে। আমরা কোনো ধর্মের মানুষের ধর্মীয় অধিকার ক্ষুণ্ন হতে দেব না। সিলেট নগরীতে সব ধর্মের মানুষ যাতে নিরাপদে ও নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন, সিটি কর্পোরেশন সে বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করবে। আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ধর্মীয় সম্প্রীতি শুধু রাষ্ট্র বা প্রশাসনের দায়িত্ব নয়; সমাজের প্রতিটি মানুষকে এ সম্প্রীতি রক্ষায় ভূমিকা রাখতে হবে। পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি সুন্দর সমাজ ও উন্নত নগর গড়ে তুলতে পারি।

তিনি ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ও বিভিন্ন কার্যক্রমে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, সিলেটকে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও উন্নত নগর হিসেবে গড়ে তুলতে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নগরের উন্নয়ন ও সম্প্রীতি রক্ষায় সিটি কর্পোরেশনের পাশে থাকার আহ্বান জানাই। আলোচনা সভায় বক্তব্য দেন ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক শ্রীমৎ ভক্তিময় নিতাই স্বামী মহারাজ। সভাপতির বক্তব্যে ইসকন বাংলাদেশের সহসভাপতি ও ইসকন সিলেটের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী শ্রীশ্রী বলরাম জয়ন্তীর শিক্ষা ধারণ করে মানুষের কল্যাণে কাজ করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

দেবামৃত নিতাই দাস ব্রহ্মচারীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারি রাজেশ ভাটিয়া, ইসকন বাংলাদেশের ইন্টারন্যাশনাল কমিউনিকেশন বিভাগের চেয়ারম্যান হৃষিকেশ গৌরাঙ্গ দাস, ইসকন বাংলাদেশের রিসলভের চেয়ারম্যান যুগধর্ম দাস অধিকারী, ইসকন সিলেট বিভাগীয় কমিটির বিবাহ ব্যবস্থাপনা বিভাগের সম্পাদক বলদেব কৃপা দাস অধিকারী এবং ইসকন সিলেট বিভাগীয় কমিটির দুর্যোগ ব্যবস্থাপনা ও সমাজসেবা বিভাগের বিভাগীয় সম্পাদক বুদ্ধি গৌর দাস অধিকারী। অনুষ্ঠানে ইসকন বাংলাদেশের ও সিলেটের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক ভক্ত উপস্থিত ছিলেন।

২৯ আগস্ট ২০২৬

সিলেটে আলোচনা সভায় সিসিক প্রশাসক সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি

বিস্তারিত কমেন্টে