• ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

কোম্পানীগঞ্জে অসহায় নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, গুরুতর আহত

Daily Sonali Sylhet
প্রকাশিত সেপ্টেম্বর ১, ২০২৬
কোম্পানীগঞ্জে অসহায় নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, গুরুতর আহত

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের নাজিরেরগাঁও এলাকায় এক অসহায় ও বাস্তুভিটাহীন নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এতে বাধা দেওয়ায় ওই নারীকে কিল-ঘুষি, লাথি ও ধারালো দা দিয়ে হামলা করে গুরুতর আহত করার অভিযোগও পাওয়া গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, আজ দুপুর ২টার দিকে উত্তর রণিখাই ইউনিয়নের নাজিরেরগাঁও এলাকার পশ্চিমপাড়া কারবালারটুকের আজাদ মিয়ার মেয়ে ও এক সন্তানের জননী মোছা. রাজিয়া বেগম তার মামার বাড়িতে একা ছিলেন। এ সময় কালাইরাগ গ্রামের তৈয়ব আলীর ছেলে হাসান আহমদ সেখানে গিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

রাজিয়া বেগমের দাবি, তিনি এতে বাধা দিলে হাসান আহমদ তাকে কিল-ঘুষি ও লাথি মেরে মারধর করেন। একপর্যায়ে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি আক্রমণ করেন। এতে তার হাত ও নাকে কাটা জখমসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে বলে জানান তিনি।

ভুক্তভোগী রাজিয়া বেগম বলেন, আমি কি এই দেশের নাগরিক নই? আমি অসহায়, হতদরিদ্র ও বাস্তুভিটাহীন। আমার সঙ্গে ঘটে যাওয়া বর্বরোচিত নির্যাতনের সুষ্ঠু বিচার বাংলাদেশ সরকার ও স্থানীয় প্রশাসনের কাছে প্রার্থনা করছি। আমার ওপর যে নারকীয় শারীরিক নির্যাতন হয়েছে, এর সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমি স্বাভাবিক জীবনে ফিরতে পারব কি না জানি না। আমি স্বাভাবিক জীবনে ফিরতে না পারলে আমি ও আমার ছোট মেয়ের দায়ভার কে নেবে?

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য ফখরু মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি, জোরপূর্বক ধর্ষণের চেষ্টায় বাধা দেওয়ায় হাসান আহমদ ওই নারীর ওপর হামলা চালিয়েছে। স্থানীয়দের কাছে শুনেছি, এর আগেও সে ওই নারীকে নির্যাতনের চেষ্টা করেছিল।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে হাসান আহমদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উছমান গনি বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

০১ সেপ্টেম্বর ২০২৬

কোম্পানীগঞ্জে অসহায় নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, গুরুতর আহত

বিস্তারিত কমেন্টে