• ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

মাধবপুর থেকে অপহরণের অভিযোগ, ১২ ঘণ্টা পর শাহপরানে মিলল স্কুলছাত্র

Daily Sonali Sylhet
প্রকাশিত সেপ্টেম্বর ৫, ২০২৬
মাধবপুর থেকে অপহরণের অভিযোগ, ১২ ঘণ্টা পর শাহপরানে মিলল স্কুলছাত্র

স্টাফ রিপোর্টার:: হবিগঞ্জের মাধবপুর থেকে এক স্কুলছাত্রকে অপহরণের অভিযোগের প্রায় ১২ ঘণ্টা পর সিলেটের শাহপরান এলাকায় তাকে ফেলে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে স্থানীয়দের সহায়তায় ওই কিশোরকে উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে তুলে দেওয়া হয়। উদ্ধার হওয়া কিশোরের নাম সৈয়দ সাদাফ। সে মাধবপুর উপজেলার নোয়াপাড়া এলাকার সৈয়দ সঈদ উদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, বৃহস্পতিবার রাত প্রায় ৮টার দিকে তিন থেকে চারজনের একটি দল সাদাফের মাথায় আঘাত করে তাকে জোরপূর্বক একটি হাইএস গাড়িতে তুলে নেয়। এরপর দীর্ঘ সময় ধরে তাকে বিভিন্ন এলাকায় ঘুরিয়ে বেড়ানো হয় বলে অভিযোগ রয়েছে।

সাদাফের ভাষ্য অনুযায়ী, গাড়িতে থাকা ব্যক্তিরা নিজেদের মধ্যে হিন্দি ভাষায় কথা বলছিলেন। রাত শেষ হওয়ার আগমুহূর্তে তাকে সিলেটের জাফলং সড়কসংলগ্ন শাহপরান এলাকায় গাড়ি থেকে নামিয়ে দিয়ে অপহরণকারীরা চলে যায় বলে সে জানায়।

পরদিন শুক্রবার সকালে স্থানীয় কয়েকজন বাসিন্দা ও এক সিএনজি অটোরিকশাচালকের চোখে পড়ে ওই কিশোর। পরে বিষয়টি জানাজানি হলে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। খবর পেয়ে স্বজনরা সেখানে পৌঁছে তাকে উদ্ধার করে নিয়ে যান।

এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, “অপহরণের বিষয়টি আমি শুনিনি। এ ঘটনায় থানায় কেউ কোনো সাধারণ ডায়েরিও (জিডি) করেনি।”তিনি অভিভাবকদের সন্তানদের বিষয়ে আরও সচেতন ও সতর্ক থাকার পরামর্শ দেন। তবে ঘটনাটি অপহরণ কি না এবং কারা এর সঙ্গে জড়িত—সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে কি না, তা জানা যায়নি।

০৫ সেপ্টেম্বর ২০২৬

মাধবপুর থেকে অপহরণের অভিযোগ, ১২ ঘণ্টা পর শাহপরানে মিলল স্কুলছাত্র

বিস্তারিত কমেন্টে