• ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

ইসিএ এলাকায় অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

Daily Sonali Sylhet
প্রকাশিত সেপ্টেম্বর ৯, ২০২৬
ইসিএ এলাকায় অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পরিবেশ সংকটাপন্ন এলাকা (ইসিএ)-তে অভিযান চালিয়ে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার, এক্সকেভেটরসহ বিপুল পরিমাণ সরঞ্জাম ধ্বংস করেছে পরিবেশ অধিদপ্তর।

মঙ্গলবার পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় ও জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তারের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে জাফলং-ডাউকি ইসিএ এলাকার বাউড়ভাগ হাওড়, নন্দিরভাগ হাওড়, চা বাগান, ঝুমপাড় ও জিরো পয়েন্ট এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় পরিবেশের জন্য ক্ষতিকর ও অবৈধভাবে পাথর-বালু উত্তোলনে ব্যবহৃত ১০টি ড্রেজার মেশিন, ৬টি এক্সকেভেটর, ৫টি জেনারেটর, ৪৪টি বারকি নৌকা, ১৩টি কনভেয়ার বেল্ট, ১৫টি শ্যালো মেশিন এবং ৫টি ব্যাটারি ধ্বংস করা হয়। এছাড়া আরও ৪টি ব্যাটারি জব্দ করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আবুল কালাম আজাদ জানান, সিলেট বিভাগের বিভিন্ন জেলায় পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা জোরদার করা হবে।

তিনি বলেন, শব্দদূষণকারী এবং অবৈধ উচ্চ শব্দযুক্ত হাইড্রোলিক হর্ন ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি পর্যায়ক্রমে বায়ুদূষণ, পাহাড় ও টিলা কর্তন, অবৈধ ইটভাটা এবং নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

মোবাইল কোর্ট পরিচালনাকালে পরিবেশ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ফাইজুল কবির, সিলেট বিভাগীয় কার্যালয়ের সিনিয়র টেকনিশিয়ান আল মামুনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অভিযানে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

০৯ সেপ্টেম্বর ২০২৬

ইসিএ এলাকায় অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

বিস্তারিত কমেন্টে