
সাহেদুর রহমান, জৈন্তাপুর সিলেট: আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সিলেটের জৈন্তাপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানজট নিয়ন্ত্রণ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং মণ্ডপ এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পূজা চলাকালে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনিক তৎপরতা জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়ের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আল আমিন, বিজিবির কোম্পানি কমান্ডার মো. আলাউদ্দিন, ফায়ার সার্ভিসের ইনচার্জ জগদীশ চন্দ্র দেবনাথ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন কান্তি রায় প্রমুখ।
এছাড়া সভায় স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। তাদের মধ্যে ছিলেন নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, চারিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলাল, রিপোটার্স ক্লাবের সভাপতি সাহেদ আহমেদ পূজা উদযাপন পরিষদের সভাপতি নিবারণ চন্দ্র দাস, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা যাদব বিশ্বাস প্রমুখ। উপজেলা পরিষদের সিএ তাপস দাসের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং উপজেলার ২১টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।
সভা শেষে দুর্গোৎসবের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মণ্ডপগুলোর প্রতিনিধিদের হাতে সিসি ক্যামেরা এবং সরকারি অনুদানের টাকা তুলে দেওয়া হয়