• ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করা হচ্ছে ফ্যামিলি কার্ডের তথ্য

Daily Sonali Sylhet
প্রকাশিত অক্টোবর ১৩, ২০২৬
বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করা হচ্ছে ফ্যামিলি কার্ডের তথ্য

বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় উপকারভোগী নির্বাচনের লক্ষ্যে পরিবারভিত্তিক আর্থসামাজিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (১২ অক্টোবর) থেকে উপজেলার বর্ণি ও বড়লেখা সদর ইউনিয়নের দুটি ওয়ার্ডে প্রাথমিকভাবে এ কার্যক্রম শুরু করা হয়। সোমবার বিকেলে বড়লেখা উপজেলা পরিষদের সেমিনার কক্ষে আয়োজিত এক প্রেস কনফারেন্সে এ তথ্য জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম মাহবুব।

প্রেস কনফারেন্সে ইউএনও মাহবুব আলম মাহবুব জানান, বড়লেখা উপজেলার একটি পৌরসভা ও ১০টি ইউনিয়নের পরিবারগুলোর নারীপ্রধানদের তথ্য সংগ্রহের জন্য সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগ দেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে বর্ণি ও বড়লেখা সদর ইউনিয়নের দুটি ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্ত সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

দেশব্যাপী একযোগে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরুর অংশ হিসেবে বড়লেখার ওই দুটি ওয়ার্ডে প্রশিক্ষিত তথ্য সংগ্রহকারীরা সোমবার থেকে মাঠপর্যায়ে কাজ শুরু করেছেন। তাঁরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের প্রয়োজনীয় আর্থসামাজিক তথ্য সংগ্রহ করবেন। ইউএনও জানান, ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহের জন্য কোনো ধরনের টাকা বা ফি দিতে হবে না। কার্ড করে দেওয়ার নাম করে কেউ টাকা দাবি করলে তাঁকে টাকা না দিয়ে প্রশাসনের সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, সংগৃহীত তথ্যের ভিত্তিতে নির্ধারিত পদ্ধতিতে যোগ্য উপকারভোগী নির্বাচন করা হবে। এ কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে সামাজিক সুরক্ষা কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা এবং প্রকৃত যোগ্য পরিবারকে সরকারি সহায়তার আওতায় নিয়ে আসা। সরকারের পরিকল্পনা অনুযায়ী, পর্যায়ক্রমে যোগ্য নারী পরিবারপ্রধানদের ফ্যামিলি কার্ড ও ভাতার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

বড়লেখা উপজেলা পরিষদের সেমিনার কক্ষে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু কাওছার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বর্ণি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, সহসভাপতি খলিলুর রহমান, অর্থ সম্পাদক সুলতান আহমদ খলিল, সদস্য আজাদ বাহার জামালী, তাহমিদ ইশাদ রিপন, সিরাজুল ইসলাম রিপন ও রেদওয়ান আহমদ রুম্মানসহ স্থানীয় সাংবাদিকরা।

বড়লেখায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম পর্যায়ক্রমে সম্প্রসারণের মাধ্যমে যোগ্য পরিবারগুলোকে সরকারি সামাজিক সুরক্ষা সুবিধার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

১৩ অক্টোবর ২০২৬

বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করা হচ্ছে ফ্যামিলি কার্ডের তথ্য

বিস্তারিত কমেন্টে