• ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

র‍্যালি ও বিশেষ মহড়ায় কোম্পানীগঞ্জে পালিত হলো দুর্যোগ প্রশমন দিবস

Daily Sonali Sylhet
প্রকাশিত অক্টোবর ১৩, ২০২৬
র‍্যালি ও বিশেষ মহড়ায় কোম্পানীগঞ্জে পালিত হলো দুর্যোগ প্রশমন দিবস

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও দুর্যোগ মোকাবিলাবিষয়ক বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন।

দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অগ্নিনির্বাপণ, ভূমিকম্পের সময় করণীয় এবং বন্যাকবলিত এলাকায় উদ্ধার কার্যক্রমের ওপর বিশেষ মহড়া প্রদর্শন করেন।

কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস ইন্সপেক্টর আবু সালেহ মোহাম্মদ জাকারিয়া খানের পরিচালনায় মহড়ায় দুর্যোগকালীন জরুরি পরিস্থিতি মোকাবিলা, নিরাপদে উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং অগ্নিকাণ্ডের ঝুঁকি কমানোর বিভিন্ন কৌশল তুলে ধরা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ রবিন মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রাজিবুল হাসান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস ইন্সপেক্টর আবু সালেহ মোহাম্মদ জাকারিয়া খান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টিটু কুমার দে, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম, জনস্বাস্থ্য কর্মকর্তা খোরশেদ আলম প্রধান, মহিলা বিষয়ক কর্মকর্তা শিবলী আতিকা তিন্নি, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ডিজিএম আশিকুর ইসলাম, উপজেলা আইসিটি কর্মকর্তা নাঈম হাসান এবং সাংবাদিক আনোয়ার সুমনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

কর্মসূচিতে দুর্যোগের ঝুঁকি হ্রাস, জনসচেতনতা বৃদ্ধি এবং জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে শিক্ষার্থী ও সাধারণ মানুষকে ধারণা দেওয়া হয়। সংশ্লিষ্টরা মনে করেন, দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, নিয়মিত মহড়া ও জনসচেতনতা বৃদ্ধি প্রাণহানি এবং সম্পদের ক্ষয়ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দিবসটি উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে দুর্যোগ মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ, সচেতনতা বৃদ্ধি ও প্রস্তুতি জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

১৩ অক্টোবর ২০২৬

র‍্যালি ও বিশেষ মহড়ায় কোম্পানীগঞ্জে পালিত হলো দুর্যোগ প্রশমন দিবস

বিস্তারিত কমেন্টে