
নাবেল আহমদ, বিয়ানীবাজার প্রতিনিধি: দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে সিলেটের বিয়ানীবাজারে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)।
বিয়ানীবাজার উপজেলা ও পৌর জাসাসের যৌথ উদ্যোগে আয়োজিত মিছিলটি পৌরশহরের দক্ষিণ বাজার থেকে শুরু হয়। পরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিয়ানীবাজার সরকারি কলেজের সামনে গিয়ে শেষ হয়। এতে উপজেলা, পৌরসভা, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা জাসাসের আহ্বায়ক মুজিবুর রহমান সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন উপজেলা জাসাসের সদস্যসচিব আব্দুল হালিম রানা এবং পৌর জাসাসের সভাপতি শাহ আকবর স্বপন।
সমাবেশে বক্তারা বলেন, সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে দেশে চলমান অন্যায়, অনিয়ম ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জাসাসের প্রতিবাদী অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তাঁরা।