
নাবেল আহমদ, বিয়ানীবাজার প্রতিনিধি: মানুষের প্রকৃত পরিচয় তার কর্ম ও আদর্শে। জীবনের অবসান ঘটলেও মহৎ কাজের মধ্য দিয়ে মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকেন গুণীজনেরা। শিক্ষকতা ও সমাজসেবায় অনন্য অবদান রাখা প্রয়াত মোহাম্মদ আবদুর রব মাস্টারও তাঁর কর্মগুণে স্মরণীয় হয়ে থাকবেন বলে মন্তব্য করেছেন বক্তারা।
সিলেটের বিয়ানীবাজারে প্রয়াত এই শিক্ষকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে নাগরিক শোকসভা ও স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার দুপুরে জলঢুপ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের হলরুমে জলঢুপ ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিক্ষাবিদ, শিক্ষক, সহকর্মী, শিক্ষার্থী ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
‘শিক্ষাব্রতী, ক্লাসরুম থেকে সমাজে’ শীর্ষক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জলঢুপ ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সভাপতি আব্দুল ছালাম দুদু। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক সাধন কৃষ্ণ নাথ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সাব্বীর আহমদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, বিয়ানীবাজার সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর দ্বারকেশ চন্দ্র নাথ, অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রেমানন্দ নাথ, বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মুজিবুর রহমান, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কবির খান এবং জলঢুপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছব্বির আলী।
বক্তারা বলেন, একজন আদর্শ শিক্ষকের দায়িত্ব কেবল শিক্ষার্থীদের পাঠদানেই সীমাবদ্ধ নয়; বরং তাঁর জ্ঞান, নৈতিকতা ও সমাজের প্রতি দায়বদ্ধতা মানুষের জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আবদুর রব মাস্টার নিষ্ঠা ও আন্তরিকতার মাধ্যমে শিক্ষা বিস্তার এবং সমাজকল্যাণে যে অবদান রেখে গেছেন, তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তাঁর কর্মময় জীবন দীর্ঘদিন মানুষের স্মৃতিতে অম্লান থাকবে বলেও তাঁরা উল্লেখ করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন লাউতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক অসীম কান্তি তালুকদার, পাতন আব্দুল্লাহপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের, নিদনপুর সুপাতলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবোধ চক্রবর্তী, বারইগ্রাম হাফিজিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা ফখরুল ইসলাম এবং ইউপি সদস্য সাদিকুর রহমান খান।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পরে শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস প্রয়াত আবদুর রব মাস্টারের শিক্ষা ও কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় সাংবাদিক আনোয়ারুল ইসলামের লিখিত জীবনচিত্র পাঠ করা হয়।
জলঢুপ ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সামাজিক ও মানবিক কার্যক্রমের লক্ষ্য-উদ্দেশ্য তুলে ধরে এবং অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সংগঠনের সাধারণ সম্পাদক ফয়সল আহমদ রুহেলের লিখিত বক্তব্য পাঠ করা হয়।
প্রয়াত শিক্ষকের অবদানের প্রতি সম্মান জানিয়ে তাঁর ভাতিজা শিক্ষাবিদ কবির খানের হাতে অতিথিরা সম্মাননা স্মারক তুলে দেন। অনুষ্ঠানটি সার্বিকভাবে সমন্বয় করেন সংগঠক জাবেদ আহমদ ও আক্তারুল ইসলাম।
স্মরণসভায় উপস্থিত ব্যক্তিরা প্রয়াত আবদুর রব মাস্টারের বর্ণাঢ্য জীবন, শিক্ষা বিস্তারে ভূমিকা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের স্মৃতিচারণ করেন। পাশাপাশি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।