
আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের আজমিরীগঞ্জ সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এ কার্যক্রম শুরু হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন। চলতি মাসের মধ্যে ট্যাবের মাধ্যমে পুরো আজমিরীগঞ্জ উপজেলায় তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আলম সৌরভ এবং সমাজকর্মী শেখ মাসুদ হোসেন। এ ছাড়া আজমিরীগঞ্জ উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সম্পৃক্ততার বিষয়টি স্থানীয়ভাবে উল্লেখ করা হয়েছে। ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় তথ্য সংগ্রহের ক্ষেত্রে সঠিক তথ্য প্রদান এবং সংশ্লিষ্ট তথ্য সংগ্রহকারীদের সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।