• ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

জকিগঞ্জে ৫১ কৃষকের মাঝে ৫৩ লাখ ১০ হাজার টাকার কৃষিঋণ বিতরণ কৃষি উৎপাদন বাড়াতে পতিত জমি চাষের আওতায় আনার আহ্বান ইউএনওর

Daily Sonali Sylhet
প্রকাশিত অক্টোবর ১৫, ২০২৬
জকিগঞ্জে ৫১ কৃষকের মাঝে ৫৩ লাখ ১০ হাজার টাকার কৃষিঋণ বিতরণ কৃষি উৎপাদন বাড়াতে পতিত জমি চাষের আওতায় আনার আহ্বান ইউএনওর

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে ৫১ জন কৃষকের মধ্যে ৫৩ লাখ ১০ হাজার টাকার কৃষিঋণ বিতরণ করা হয়েছে। কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে সহজ শর্তে এ ঋণ বিতরণ করা হয়। বুধবার (১৪ অক্টোবর)জকিগঞ্জ উপজেলা মিলনায়তনে সোনালী ব্যাংক পিএলসির নেতৃত্বে সিলেটের সাতটি ব্যাংকের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

‘কৃষিঋণ প্রচারণা,আলোচনা সভা ও প্রকাশ্যে ঋণ বিতরণ’শীর্ষক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজিত কুমার চন্দ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের অতিরিক্ত পরিচালক সুব্রত তালুকদার।

সভাপতির বক্তব্যে ইউএনও সুজিত কুমার চন্দ বলেন,কৃষক বাঁচলে বাঁচবে দেশ,সবার আগে বাংলাদেশ।” তিনি কোনো জমি পতিত না রেখে চাষাবাদের আওতায় আনার আহ্বান জানান। কৃষি উৎপাদন বাড়লে দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি কৃষকদের অর্থনৈতিক স্বাবলম্বিতাও বাড়বে বলে তিনি উল্লেখ করেন।আলোচনা সভায় বক্তারা বলেন,কৃষকদের কৃষিঋণ গ্রহণের প্রক্রিয়া সহজ করা হয়েছে। মাত্র ১০ টাকা জমা দিয়ে ব্যাংক হিসাব খুলে কৃষকরা এ ঋণের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে জাতীয় পরিচয়পত্র (এনআইডি), কৃষি কার্ড,জমির পর্চা ও হালনাগাদ খাজনার কপি জমা দিতে হবে।

বক্তারা আরও জানান,জমির নিজস্ব মালিকানা না থাকলেও জমির মালিকের লিখিত প্রত্যয়ন নিয়ে বর্গাচাষিরা কৃষিঋণের জন্য আবেদন করতে পারবেন। প্রয়োজনীয় কাগজ পত্রসহ আবেদন জমা দেওয়ার পর সর্বোচ্চ ১০ কার্যদিবসের মধ্যে ঋণ বিতরণের ব্যবস্থা রাখা হয়েছে।

কৃষকদের সতর্ক করে বক্তারা বলেন, চড়া সুদের মহাজনি ঋণ এবং এনজিও বা সমবায়ের নামে অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়ে সচেতন থাকতে হবে। কৃষকদের ব্যাংক থেকে নিয়ম অনুযায়ী ঋণ গ্রহণের পরামর্শ দিয়ে তাঁরা বলেন,কৃষিঋণ কোনো সরকারি অনুদান বা অফেরতযোগ্য ভাতা নয়; এটি পরিশোধযোগ্য ঋণ। তাই নির্ধারিত সময়ের মধ্যে ঋণ পরিশোধ করা প্রত্যেক ঋণগ্রহীতার দায়িত্ব।

সোনালী ব্যাংক পিএলসি জকিগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. কামরুল হাসানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনালী ব্যাংকের সিলেটের ডেপুটি জেনারেল ম্যানেজার হিমাংশু আচার্য্য এবং বাংলাদেশ কৃষি ব্যাংক সিলেটের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ ফয়জুর রহমান শাহী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবায়ের আহমদ,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মুর্শেদ লস্কর,জকিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না,সীমান্ত ব্যাংকের ব্যবস্থাপক প্রবীর দেবনাথ, জুলাই যোদ্ধা আব্দুল মালেক এবং কৃষক প্রতিনিধি হৃদয় রঞ্জন বিশ্বাস। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিরা নিবন্ধিত কৃষকদের হাতে আনুষ্ঠানিকভাবে ঋণের চেক তুলে দেন ।

১৫ অক্টোবর ২০২৬

জকিগঞ্জে ৫১ কৃষকের মাঝে ৫৩ লাখ ১০ হাজার টাকার কৃষিঋণ বিতরণ কৃষি উৎপাদন বাড়াতে পতিত জমি চাষের আওতায় আনার আহ্বান ইউএনওর

বিস্তারিত কমেন্টে