
আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হবিগঞ্জের আজমিরীগঞ্জ পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ধর্ম মন্ত্রণালয় কর্তৃক মনোনীত ট্রাস্টি অতীন দত্ত চৌধুরী ও পূজা উদযাপন ফ্রন্টের নেতারা। শনিবার মহাসপ্তমীর দিন দুপুরে তাঁরা পূজামণ্ডপগুলো ঘুরে দেখেন। এ সময় পূজার সার্বিক পরিবেশ, নিরাপত্তাব্যবস্থা ও উৎসব উদযাপনের বিষয়ে খোঁজখবর নেন তাঁরা। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌর পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক ডা. অনুজ কান্তি দাস, হবিগঞ্জ জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্যসচিব রাজন দাস এবং জেলা পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম সাধারণ সম্পাদক ও আজমিরীগঞ্জ উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অভিরাম দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় নেতৃবৃন্দ বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার’—এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন অটুট রাখতে হবে। সবার সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে হবে। তাঁরা আশা প্রকাশ করেন, পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সম্প্রীতির মধ্য দিয়ে আজমিরীগঞ্জে শারদীয় দুর্গোৎসব আনন্দঘন পরিবেশে সম্পন্ন হবে।