
সাহেদুর রহমান, জৈন্তাপুর: শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্যাপন নিশ্চিত করতে সিলেট সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)। জৈন্তাপুর, কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার সীমান্তের আট কিলোমিটারের মধ্যে অবস্থিত ৫৭টি পূজামণ্ডপের নিরাপত্তায় আট প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় জকিগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন ১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সোহেল আলম, পিবিজিএম। এ সময় তিনি স্থানীয় প্রতিনিধি ও পূজা কমিটির দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।
বিজিবি জানিয়েছে, পূজামণ্ডপের নিরাপত্তায় নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ সতর্কতা জোরদার করা হয়েছে। পাশাপাশি ‘শারদীয় সুরক্ষা’ অ্যাপের মাধ্যমে অনাকাঙ্ক্ষিত ঘটনার তথ্য পেয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পূজার নিরাপত্তার পাশাপাশি সীমান্তে চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধেও বিজিবির নজরদারি অব্যাহত রয়েছে।