• ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

বোবারতলে পর্যটনশিল্পের অপার সম্ভাবনা, ১৯ কিলোমিটার সড়ক পাকা করার আশ্বাস এমপি জহরত আদিব চৌধুরীর

Daily Sonali Sylhet
প্রকাশিত অক্টোবর ২১, ২০২৬
বোবারতলে পর্যটনশিল্পের অপার সম্ভাবনা, ১৯ কিলোমিটার সড়ক পাকা করার আশ্বাস এমপি জহরত আদিব চৌধুরীর

বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বোবারতল এলাকায় পর্যটনশিল্প বিকাশের অপার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী। তিনি বলেন, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এ এলাকাকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে দেশ-বিদেশের বিনিয়োগকারীদের এগিয়ে আসা প্রয়োজন। পাশাপাশি বোবারতল এলাকার প্রায় ১৯ কিলোমিটার সড়ক সম্পূর্ণ পাকা করার আশ্বাস দিয়েছেন তিনি। সম্প্রতি বোবারতল এলাকা পরিদর্শনকালে এক ভিডিওবার্তায় এসব কথা বলেন এমপি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী।

ভিডিওবার্তায় তিনি বলেন, বোবারতল এলাকার পাহাড়, প্রাকৃতিক সৌন্দর্য ও খাসিয়াপুঞ্জি পর্যটকদের আকৃষ্ট করার মতো সম্পদ। এ এলাকায় অনেক মানুষের বসবাস রয়েছে। তবে রাস্তাঘাটের পর্যাপ্ত উন্নয়ন না হওয়ায় এখনো পর্যটনশিল্পের বিকাশে কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব হয়নি।

তিনি সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলের এবং প্রবাসে বসবাসরত বিনিয়োগকারীদের বোবারতলের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগানোর আহ্বান জানান। তাঁর মতে, পরিকল্পিত বিনিয়োগের মাধ্যমে এ এলাকায় পর্যটনকেন্দ্রসহ বিভিন্ন পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠান গড়ে তোলার সুযোগ রয়েছে। এতে স্থানীয় মানুষের কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হতে পারে।

সড়ক যোগাযোগের দুরবস্থার কথা তুলে ধরে এমপি জহরত আদিব চৌধুরী বলেন, বোবারতল এলাকার প্রায় ১৯ কিলোমিটার সড়কের মধ্যে আনুমানিক ৭ কিলোমিটার পাকা করা হয়েছে। বাকি প্রায় ১২ কিলোমিটার সড়ক এখনো পাকা হয়নি। এ পথে চলাচল করতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি সরেজমিনে দেখেছেন বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার তাঁকে এলাকার উন্নয়নে কাজ করার দায়িত্ব দিয়েছে। সেই দায়িত্বের অংশ হিসেবে বোবারতল এলাকার সড়কটি সম্পূর্ণ পাকা করার সুযোগ পেয়েছেন তিনি। ইনশাআল্লাহ, বর্তমান সরকারের আমলেই সড়কটির বাকি অংশ পাকা করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ভিডিওবার্তায় সম্ভাব্য বিনিয়োগকারীদের উদ্দেশে এমপি জহরত আদিব চৌধুরী বলেন, সড়ক যোগাযোগ উন্নত হলে বোবারতলে পর্যটনশিল্পের বিকাশের পাশাপাশি জমির মূল্যও বাড়তে পারে। তাই ভবিষ্যতে বিনিয়োগের সুযোগ সীমিত হয়ে যাওয়ার আগেই আগ্রহীদের এ এলাকার সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

স্থানীয়দের প্রত্যাশা, বোবারতল এলাকার সড়ক যোগাযোগের উন্নয়ন এবং পরিকল্পিত পর্যটন অবকাঠামো গড়ে তোলা হলে এ অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য দেশ-বিদেশের পর্যটকদের কাছে তুলে ধরা সম্ভব হবে। পাশাপাশি স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নেও নতুন সম্ভাবনা তৈরি হবে।

২১ অক্টোবর ২০২৬

বোবারতলে পর্যটনশিল্পের অপার সম্ভাবনা, ১৯ কিলোমিটার সড়ক পাকা করার আশ্বাস এমপি জহরত আদিব চৌধুরীর

বিস্তারিত কমেন্টে