
বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় বসতঘরে চুরির ঘটনায় জড়িত সন্দেহে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরি যাওয়া স্বর্ণালংকার, দুটি মোবাইল ফোন ও স্বর্ণালংকার বিক্রির ১ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) বড়লেখা থানা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ অক্টোবর রাতে উপজেলার দক্ষিণভাগ এলাকার সিএনজিচালক জসিম উদ্দিনের বসতঘরে চুরির ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা ঘর থেকে স্বর্ণের গলার হার, কানের দুল ও দুটি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য ৬ লাখ ৭৩ হাজার টাকা। এ ঘটনায় পরদিন ১৯ অক্টোবর ভুক্তভোগী বড়লেখা থানায় মামলা দায়ের করেন।
মামলার পরপরই চুরির রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করে পুলিশ। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রথমে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, অভিযানের অংশ হিসেবে বড়লেখা ও জুড়ী উপজেলার বিভিন্ন স্থানের পাশাপাশি সিলেট মহানগরীর লালদিঘিরপাড় এলাকার একটি জুয়েলার্সে অভিযান চালানো হয়। এসব অভিযানে চুরি যাওয়া ২ ভরি ১১ আনা ৯ পয়েন্ট ওজনের স্বর্ণালংকার, দুটি মোবাইল ফোন এবং স্বর্ণালংকার বিক্রির ১ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
উদ্ধার করা মালামাল মামলার বাদী শনাক্ত করেছেন। গ্রেপ্তার ছয়জনকে বুধবার আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে মামলার তদন্ত অব্যাহত রয়েছে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান বলেন, “চুরির ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার এবং চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয়েছে।” তিনি আরও বলেন, অপরাধ দমন, চুরি প্রতিরোধ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।