
বানিয়াচং প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বড়ইউড়ি ইউনিয়নের কদুপুর গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় রাকিব মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ থেকে ৪ জন। আহতদের মধ্যে একজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহত রাকিব মিয়া উপজেলার ৭নং বড়ইউড়ি ইউনিয়নের কদুপুর গ্রামের সারংবাড়ির বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার রাতে বক্তারপুর স্কুল খেলার মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে রাকিব মিয়াসহ ৩ থেকে ৪ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে বিভিন্ন স্থানে চিকিৎসার জন্য নেওয়া হয়। তাদের মধ্যে রাকিব মিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও শোকের পরিবেশ বিরাজ করছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক।