
সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাওলানা মুফতি মোহাম্মদ আবুল হাসান এমপির আমন্ত্রণে আগামী ৩ ডিসেম্বর জকিগঞ্জ সফরে আসছেন জাতীয় সংসদের স্পিকার বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তাঁর সফরসঙ্গী হিসেবে থাকার কথা রয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান এমপি, সিলেট বিভাগের একাধিক সংসদ সদস্য এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে স্পিকারের সহযোদ্ধা বেশ কয়েকজন বীর মুক্তিযোদ্ধার।মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে জকিগঞ্জের অবদানকে জাতীয় পর্যায়ে তুলে ধরা এবং জকিগঞ্জকে স্বাধীন বাংলাদেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের প্রত্যাশিত আয়োজনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি। এই সফর ও আয়োজন সফল করার অংশ হিসেবে আজ বুধবার (২৫ নভেম্বর) ৩নং কাজলসার ইউনিয়নের আটগ্রাম এলাকার চারিগ্রাম ও আটগ্রাম সুরমা নদীর খেয়াঘাট এলাকা সরেজমিনে পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য মাওলানা মুফতি মোহাম্মদ আবুল হাসান।
পরিদর্শনকালে তিনি সফর উপলক্ষে সংশ্লিষ্ট স্থানগুলোর সার্বিক পরিস্থিতি ও প্রয়োজনীয় প্রস্তুতি পর্যবেক্ষণ করেন।এ সময় কানাইঘাট ও জকিগঞ্জ—উভয় উপজেলার বাসিন্দাদের পক্ষ থেকে আটগ্রাম বাজার ও কাড়াবাল্লাহ সংলগ্ন সুরমা নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মাণের জোর দাবি ওঠে। দীর্ঘদিনের এই দাবি বাস্তবায়ন হলে দুই উপজেলার যোগাযোগব্যবস্থা ও স্থানীয় মানুষের যাতায়াতে বড় ধরনের পরিবর্তন আসবে বলে মনে করছেন এলাকাবাসী।পরিদর্শন শেষে সংসদ সদস্য কানাইঘাট উপজেলার ৩নং দিঘীরপার ইউনিয়নের দিঘীরপারে অবস্থিত সাতবাক হাফিজিয়া মাদ্রাসার সামনে শহীদ ক্যাপ্টেন মাহবুবুর রহমান বীর উত্তমের সমাধি পরিদর্শন করেন। পাশাপাশি তিনি সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব ও বীর মুক্তিযোদ্ধা মরহুম আবুল হারিছ চৌধুরীর কবর জিয়ারত করেন।সংশ্লিষ্টদের মতে,একাত্তরের মুক্তিযুদ্ধে জকিগঞ্জের ভূমিকা ও দেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি দীর্ঘদিনের। আসন্ন ৩ ডিসেম্বরের সফরকে ঘিরে সেই প্রত্যাশা পূরণের পাশাপাশি অঞ্চলের দীর্ঘদিনের জনদাবিগুলো সামনে আসার নতুন সুযোগ তৈরি হয়েছে।