• ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

গোয়াইনঘাটে নিরীহ মানুষকে নিয়ে অপপ্রচার! ভুয়া ফেসবুক পেজে নাম-ছবি ব্যবহার করে হয়রানির অভিযোগ

Daily Sonali Sylhet
প্রকাশিত অক্টোবর ৬, ২০২৬
গোয়াইনঘাটে নিরীহ মানুষকে নিয়ে অপপ্রচার! ভুয়া ফেসবুক পেজে নাম-ছবি ব্যবহার করে হয়রানির অভিযোগ

গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১৩ নম্বর বিছনাকান্দি ইউনিয়নের বাদেবাসা গ্রামের কয়েকজন নিরীহ ব্যক্তির নাম ও ছবি ব্যবহার করে ‘আজকের খবর’ নামে একটি ভুয়া ফেসবুক পেজ/অ্যাকাউন্ট থেকে বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগ উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, ওই ফেসবুক পেজে বাদেবাসা গ্রামের সমাজসেবক ওয়ারিছ উদ্দিন, কৃষক ছমির উদ্দিন, সমাজসেবক বেলাল আহমেদ, কৃষক রেবুল আহমদ, দিনমজুর এখলাছ উদ্দিন, দিনমজুর বাক্কই মিয়া, কৃষক শরীফ আহমদ ও বৃদ্ধ ছেরাগ আলীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ তুলে পোস্ট করা হচ্ছে। এতে তাদের সামাজিক মর্যাদা ও ব্যক্তিগত সম্মান ক্ষুণ্ন হচ্ছে বলে অভিযোগ করেছেন তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো অভিযোগে বলা হচ্ছে, এসব ব্যক্তি নাকি বিজিবির সোর্স হিসেবে কাজ করে ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত অর্থ আদায় করেন। তবে অভিযোগে নাম আসা ব্যক্তিদের প্রত্যেকেই এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তাদের বক্তব্য, চাঁদা আদায়, বিজিবির সোর্স হিসেবে অর্থ নেওয়া কিংবা এ ধরনের কোনো কর্মকাণ্ডের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই।

ভুক্তভোগীরা বলেন, তারা কেউ কৃষক, কেউ দিনমজুর এবং কেউ স্থানীয়ভাবে সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। তাদের দাবি, তারা নিজেদের পেশা ও কাজ নিয়েই জীবনযাপন করছেন। অথচ সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের নাম ও ছবি ব্যবহার করে মিথ্যা ও বিভ্রান্তিকর অভিযোগ প্রচার করায় তারা সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হচ্ছেন।
বাদেবাসা গ্রামের কয়েকজন স্থানীয় বাসিন্দাও বলেন, অভিযোগে নাম আসা ব্যক্তিরা এলাকার সাধারণ মানুষ। তাদের অনেকেই দিন এনে দিন খাওয়া মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাই ছাড়া এমন অভিযোগ প্রচার করায় এলাকায় বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এবং তাদের সামাজিক ও পারিবারিক জীবনে নেতিবাচক প্রভাব পড়ছে।
ভুক্তভোগীদের অভিযোগ, ‘আজকের খবর’ নামে ব্যবহৃত ওই ফেসবুক পেজটি প্রকৃত কোনো সংবাদমাধ্যমের পেজ নয়। তাদের নাম-ছবি ব্যবহার করে বিভিন্ন অভিযোগ প্রচার করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করা হচ্ছে বলে দাবি তাদের।

তারা বলেন, কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগ দিয়ে তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই করা উচিত। সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই ছাড়া কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ প্রচার করা হলে একজন নিরীহ মানুষের সম্মান ও সামাজিক অবস্থান ক্ষতিগ্রস্ত হতে পারে।

ভুক্তভোগীরা ভুয়া ফেসবুক পেজটির পরিচয় ও কার্যক্রম তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং তাদের নাম-ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য প্রচার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। অভিযোগে যাদের নাম এসেছে, তাদের বক্তব্যে তারা এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন।

০৬ অক্টোবর ২০২৬

গোয়াইনঘাটে নিরীহ মানুষকে নিয়ে অপপ্রচার! ভুয়া ফেসবুক পেজে নাম-ছবি ব্যবহার করে হয়রানির অভিযোগ

বিস্তারিত কমেন্টে