• ৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

জলঢুপ থানাবাজারে এক কোটি টাকার মার্কেট নির্মাণকাজ বন্ধ

Daily Sonali Sylhet
প্রকাশিত অক্টোবর ৭, ২০২৬
জলঢুপ থানাবাজারে এক কোটি টাকার মার্কেট নির্মাণকাজ বন্ধ

নাবেল আহমদ, বিয়ানীবাজার প্রতিনিধি: সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের জলঢুপ থানাবাজারে প্রায় এক কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন গ্রামীণ মার্কেট ভবনের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। ভবনের রডের কাঠামো তৈরির পর আর এগোয়নি নির্মাণকাজ। দীর্ঘদিন খোলা জায়গায় পড়ে থাকায় রডে মরিচা ধরেছে। পাশাপাশি নির্মাণস্থলের কারণে বাজারের একটি সড়ক বন্ধ থাকায় ব্যবসায়ী ও ক্রেতাদের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়েছে।

জানা গেছে, জলঢুপ থানাবাজারে চারতলা ভিত্তির ওপর দুইতলা গ্রামীণ মার্কেট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ২০২৩ সালের ১৩ নভেম্বর প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বিয়ানীবাজার উপজেলা কার্যালয়ের বাস্তবায়নে ২০২৪ সালের ডিসেম্বর মাসে নির্মাণকাজ শুরু হয়। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে প্রায় এক কোটি টাকা।

সরেজমিনে দেখা যায়, মার্কেট ভবন নির্মাণের নির্ধারিত স্থানে রডের কাঠামো তৈরি করে কাজ বন্ধ রয়েছে। প্রায় নয় মাস ধরে সেখানে উল্লেখযোগ্য কোনো নির্মাণকাজ হয়নি। দীর্ঘদিন অরক্ষিত অবস্থায় থাকায় ভবনের বিভিন্ন স্থানে ব্যবহারের জন্য রাখা রডে মরিচা ধরেছে। এতে প্রকল্পটির কাজ কবে নাগাদ শেষ হবে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

নির্মাণকাজ বন্ধ থাকার পাশাপাশি মার্কেটের নির্ধারিত স্থানে নির্মাণসামগ্রী থাকায় একটি সড়কে স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। ফলে বাজারে পণ্য আনা-নেওয়া এবং ক্রেতাদের চলাচলে সমস্যা হচ্ছে। মাছ ও সবজি বিক্রেতাদের অনেকেই বাধ্য হয়ে অস্থায়ী স্থানে বসে ব্যবসা করছেন। এতে ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জলঢুপ থানাবাজার বণিক সমিতির সভাপতি বিলাল আহমদ বলেন, দীর্ঘ সময় ধরে নির্মাণকাজ বন্ধ থাকায় বাজারের ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের ভোগান্তি বেড়েছে। দ্রুত মার্কেটের কাজ শেষ করে বাজারের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান তিনি।

বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস বলেন, বাজারের যানজট কমানো এবং ব্যবসায়ীদের জন্য স্থায়ী জায়গা তৈরির উদ্দেশ্যে গ্রামীণ মার্কেট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু কাজ শুরু হওয়ার পর ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণকাজ বন্ধ করে দেওয়ায় এখন উল্টো বাজারের পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তিনি আরও বলেন, জলঢুপ থানাবাজার কাঠের ব্যবসার জন্য পরিচিত। এখানে এক হাজারের বেশি শ্রমিক কাজ করেন। তবে এত বড় একটি বাজারে শ্রমিকদের জন্য প্রয়োজনীয় শৌচাগারের ব্যবস্থা নেই। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন বলেও তিনি জানান।

নির্মাণকাজ বন্ধ থাকার বিষয়ে বিয়ানীবাজার উপজেলা প্রকৌশলী দীপক কুমার দাস বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান এ কে এন্টারপ্রাইজ দীর্ঘদিন কাজ বন্ধ রাখায় তাদের নোটিশ দেওয়া হয়েছিল। নোটিশের জবাবে প্রতিষ্ঠানটি আর কাজ করবে না বলে জানিয়েছে। তাই অবশিষ্ট কাজ শেষ করতে নতুন ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগের অনুমোদনের জন্য আবেদন করা হয়েছে। তিনি বলেন, অনুমোদন পাওয়া গেলে নতুন ঠিকাদার নিয়োগের মাধ্যমে মার্কেট ভবনের বাকি নির্মাণকাজ দ্রুত শুরু করা হবে।

বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদারও নতুন ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগের অনুমোদন পাওয়ার পর মার্কেটের নির্মাণকাজ পুনরায় শুরু করা হবে বলে জানিয়েছেন। এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠান এ কে এন্টারপ্রাইজের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

০৭ অক্টোবর ২০২৬

জলঢুপ থানাবাজারে এক কোটি টাকার মার্কেট নির্মাণকাজ বন্ধ

বিস্তারিত কমেন্টে