• ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাথমিক শাখায়, আদর্শ শিক্ষা ও কল্যাণ ট্রাস্টের ৩ লাখ টাকা অনুদান

Daily Sonali Sylhet
প্রকাশিত অক্টোবর ৮, ২০২৬
রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাথমিক শাখায়, আদর্শ শিক্ষা ও কল্যাণ ট্রাস্টের ৩ লাখ টাকা অনুদান

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাথমিক শাখার উন্নয়ন এবং শিক্ষক-শিক্ষার্থীদের কল্যাণে নগদ ৩ লাখ টাকার আর্থিক অনুদান দিয়েছে আদর্শ শিক্ষা ও কল্যাণ ট্রাস্ট। প্রতিষ্ঠানটির প্রাথমিক শাখার প্রথম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে গঠিত এ ট্রাস্টের পক্ষ থেকে অনুদানের চেক প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

চেক হস্তান্তর ও আদর্শ শিক্ষা ও কল্যাণ ট্রাস্টের উদ্বোধনী অনুষ্ঠানে ট্রাস্টের মুখপাত্র ও আমেরিকা প্রবাসী মাসুম আহমদ বলেন, ‘এই প্রতিষ্ঠান থেকেই আমাদের প্রাথমিক শিক্ষার যাত্রা শুরু হয়েছে। তাই দূর প্রবাসে থাকলেও প্রতিষ্ঠানের প্রতি আমাদের ভালোবাসা ও আবেগ সবসময় কাজ করে। সেই ভালোবাসা থেকেই আমরা প্রথম ব্যাচের বন্ধুরা মিলে আদর্শ শিক্ষা ও কল্যাণ ট্রাস্ট গঠন করেছি।’

তিনি আরও বলেন, ট্রাস্টের কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে আর্থিকভাবে অসচ্ছল ও মেধাবী শিশুদের জন্য সম্পূর্ণ বিনা মূল্যে বৃত্তি প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে ভবিষ্যতে বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করা হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আদর্শ শিক্ষা ও কল্যাণ ট্রাস্টের আরেক মুখপাত্র মাহফুজুর রহমান শিপন, রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি সুলতান মাহমুদ, প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহিউদ্দীন জাকারিয়া চৌধুরী, আদর্শ শিশু বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহমুদা সিদ্দিকা লাভনী, সিনিয়র শিক্ষিকা স্বপ্না বেগম ও নেহারুন বেগম এবং শিক্ষক রুমান আহমদসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।

ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়, যাত্রার শুরুতেই এ উদ্যোগ শিক্ষা ও সমাজকল্যাণমূলক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ভবিষ্যতে ট্রাস্টের সামর্থ্য অনুযায়ী আরও বিভিন্ন শিক্ষা ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।

এ উদ্যোগের সঙ্গে প্রবাস থেকে সম্পৃক্ত রয়েছেন ট্রাস্টের অন্যান্য সদস্য যুক্তরাজ্যপ্রবাসী ইমরান আহমদ, সৌদি আরবপ্রবাসী কাওসার হোসাইন, আমেরিকাপ্রবাসী ফাহাদ আহমদ, যুক্তরাজ্যপ্রবাসী আবু সুফিয়ান রনি, আমেরিকাপ্রবাসী ফয়ছল আহমদ, মারজু চৌধুরী, ফ্রান্সপ্রবাসী তাওহীদ এলাহী, যুক্তরাজ্যপ্রবাসী সাব্বির আহমদ ও শিপন আহমদসহ আরও অনেকে। অনুষ্ঠানে ট্রাস্টের পক্ষ থেকে শিশু শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ ও খাবার বিতরণ করা হয়।

প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে গঠিত এ ট্রাস্টের কার্যক্রম স্থানীয় শিক্ষার উন্নয়ন, অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

০৮ অক্টোবর ২০২৬

রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাথমিক শাখায়, আদর্শ শিক্ষা ও কল্যাণ ট্রাস্টের ৩ লাখ টাকা অনুদান

বিস্তারিত কমেন্টে