• ৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

জকিগঞ্জ সীমান্তে বিজিবির জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

Daily Sonali Sylhet
প্রকাশিত নভেম্বর ৪, ২০২৬
জকিগঞ্জ সীমান্তে বিজিবির জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

সিলেটের জকিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী আমলশীদ বাজারে সীমান্ত সচেতনতা বৃদ্ধি, আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এ সভার আয়োজন করে।

সভায় জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট সহকারী পরিচালক এ কে এম নুরুজ্জামান তরফদার উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় চেয়ারম্যান, ইউপি সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় ৭০ থেকে ৮০ জন স্থানীয় বাসিন্দা সভায় অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় অবৈধভাবে সীমান্ত অতিক্রম, বিএসএফ কর্তৃক পুশইন প্রতিরোধ, বাংলাদেশ-ভারত সীমান্তের অপদখলীয় ভূমি সংক্রান্ত পরিস্থিতি, শূন্যরেখায় মাছ ধরা ও অন্যান্য কর্মকাণ্ড থেকে বিরত থাকা, নারী ও শিশু পাচার প্রতিরোধ, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার রোধসহ সীমান্তসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়।

এ সময় ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট সহকারী পরিচালক এ কে এম নুরুজ্জামান তরফদার সীমান্তবর্তী এলাকার জনগণকে আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধে জড়িয়ে না পড়ার আহ্বান জানান। তিনি বলেন, সীমান্ত এলাকায় কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড, নারী ও শিশু পাচার, মাদক ও অন্যান্য পণ্য চোরাচালান কিংবা অবৈধ অনুপ্রবেশের তথ্য পাওয়া গেলে দ্রুত বিজিবি অথবা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করতে হবে।

তিনি আরও বলেন, সীমান্ত অপরাধ প্রতিরোধে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিজিবির কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। এ ক্ষেত্রে স্থানীয় জনসাধারণের আন্তরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সভায় সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধ এবং সীমান্তবর্তী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার কথা জানানো হয়।

পরিশেষে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্তের নিরাপত্তা রক্ষায় বিজিবি এবং দেশপ্রেমিক জনগণের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে সীমান্ত অপরাধ শূন্যের কোঠায় নামিয়ে আনতে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।

০৪ নভেম্বর ২০২৬

জকিগঞ্জ সীমান্তে বিজিবির জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে