
সামাজিক অপরাধ প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা পুলিশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার করেছেন সিলেটের জকিগঞ্জ উপজেলার সব ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা। চুরি, ডাকাতি,মাদক,জুয়া,বাল্যবিয়েসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে নিজ নিজ এলাকায় আরও সক্রিয় ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেছেন তাঁরা। জকিগঞ্জ থানায় আয়োজিত সাপ্তাহিক রোলকলে এ সম্মিলিত অঙ্গীকার করেন গ্রাম পুলিশ সদস্যরা। এ সময় তাঁদের পক্ষে বক্তব্য দেন সংগঠনটির সভাপতি মোস্তাক আহমদ। পরে তিনি উপস্থিত গ্রাম পুলিশ সদস্যদের নিয়ে অপরাধ প্রতিরোধে দায়িত্বশীল ভূমিকা পালনের শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে মোস্তাক আহমদ বলেন,সরকার গ্রাম পুলিশকে যে দায়িত্ব ও মর্যাদা দিয়েছেন, তার যথাযথ প্রতিফলন ঘটাতে হলে প্রত্যেক সদস্যকে সততা,নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। গ্রাম পর্যায়ে অপরাধ প্রতিরোধে গ্রাম পুলিশের ভূমিকা আরও জোরদার করা প্রয়োজন।
নিজ নিজ এলাকায় চুরি, ডাকাতি,মাদক,জুয়া,বাল্যবিয়ে, ওয়ারেন্টভুক্ত আসামি কিংবা যেকোনো বেআইনি কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে দ্রুত থানা পুলিশকে অবহিত করতে হবে। অপরাধ দমনে কোনো ধরনের শৈথিল্য না দেখিয়ে পুলিশের সঙ্গে সমন্বয় বজায় রেখে কাজ করার জন্য তিনি গ্রাম পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান। এ সময় জকিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনোজ কুমার রায় গ্রাম পুলিশ সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন । তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে গ্রাম পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলাকার অপরাধপ্রবণতা, সন্দেহজনক ব্যক্তির চলাফেরা এবং যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের আগাম তথ্য সংগ্রহ করে দ্রুত পুলিশকে জানাতে হবে। দায়িত্ব পালনে সচেতনতা, সতর্কতা ও আন্তরিকতা বজায় রাখার পাশাপাশি পুলিশের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় রেখে কাজ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। সংশ্লিষ্টদের মতে,গ্রাম পর্যায়ে অপরাধের আগাম তথ্য সংগ্রহ এবং দ্রুত আইনগত পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে গ্রাম পুলিশ গুরুত্বপূর্ণ সহায়ক শক্তি হিসেবে কাজ করতে পারে। বিশেষ করে প্রত্যন্ত এলাকার মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ থাকায় তাঁদের মাধ্যমে অপরাধের তথ্য দ্রুত পুলিশের কাছে পৌঁছানো সম্ভব। ফলে পুলিশের পাশাপাশি গ্রাম পুলিশের সক্রিয়তা ও পারস্পরিক সহযোগিতা বাড়লে স্থানীয় পর্যায়ে অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে। অনুষ্ঠানে জকিগঞ্জ উপজেলার বারহাল, বিরশ্রী, কাজলসার, খলাছড়া, সদর জকিগঞ্জ, সুলতানপুর, বারঠাকুরী, কসকনকপুর ও মানিকপুর—এই নয়টি ইউনিয়নের সব গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।