
হাসান জুলহাস: সিলেট নগরীর দক্ষিণ সুরমার শীববাড়ী এলাকায় অবস্থিত এম জয়নুল পার্টি সেন্টারে বিয়ের অনুষ্ঠানে বর ও কনেপক্ষের অতিথিদের পচা মাংস দিয়ে খাবার পরিবেশনের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে বিয়ের অনুষ্ঠানে উভয় পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা ও হট্টগোলের সৃষ্টি হয়।
গত ১৩ নভেম্বর (শুক্রবার) বিকেলে বিয়ের অনুষ্ঠানে পরিবেশিত খাবারের মাংস পচা বলে অভিযোগ করেন বরপক্ষের লোকজন। এ নিয়ে পার্টি সেন্টারের কর্তৃপক্ষের সঙ্গে বরপক্ষের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যেও অস্বস্তি ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি আরও অবনতির আশঙ্কায় আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও পার্টি সেন্টারের মালিকপক্ষকে বিষয়টি অবহিত করা হয়।
এদিকে, একটি বিশ্বস্ত সূত্রের দাবি, ঘটনার পর বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা হয় এবং শেষ পর্যন্ত ৭৫ হাজার টাকা দিয়ে আপস-মীমাংসা করা হয়। তবে এ অর্থ ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হয়েছে, নাকি অন্য কোনো সমঝোতার ভিত্তিতে—তা নিশ্চিত হওয়া যায়নি। বিয়ের মতো আনন্দঘন আয়োজনে অতিথিদের খাবার পরিবেশন নিয়ে এমন অভিযোগ জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
বিশেষ করে খাবারের মান নিয়ন্ত্রণ, খাদ্য নিরাপত্তা এবং গ্রাহকদের সঙ্গে ব্যবসাপ্রতিষ্ঠানের দায়বদ্ধতা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। এখন প্রশ্ন উঠেছে, বিয়ের অনুষ্ঠানে অতিথিদের জন্য পরিবেশিত খাবারের মান যাচাইয়ের দায়িত্ব কার? আর পচা মাংস পরিবেশনের অভিযোগ সত্য হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে?
পচা মাংসের বিষয়ে জানতে এম জয়নুল পার্টি সেন্টার কর্তৃপক্ষের অফিসিয়াল নাম্বারে মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোন রিসিভ না করায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। পরে ওয়াটসআপে ক্ষুদে বার্তা পাঠালেও কোন উত্তর পাওয়া যায়নি।
জয়নুল পার্টি সেন্টার বিষয়ে জানতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট জেলা এর সহকারী পরিচালক মোঃ আমিরুল ইসলাম মাসুদ এর মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোন রিসিভ না করায় তাহার বক্তব্যও পাওয়া যায়নি।