
সিলেট সিটি করপোরেশনে (সিসিক) রাজনৈতিক পটপরিবর্তনের সঙ্গে মেয়র ও প্রশাসনের নেতৃত্বে পরিবর্তন এলেও কর্মকর্তা অংশুমান ভট্টাচার্য্য রাকুর অবস্থান বরাবরই শক্তিশালী রয়েছে বলে অভিযোগ উঠেছে। মাস্টার রোলের কর্মচারী হিসেবে কর্মজীবন শুরু করে অল্প সময়ের ব্যবধানে পদোন্নতি, বিপুল সম্পদ অর্জন এবং নগর ভবনের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে প্রভাব বিস্তারের অভিযোগ ঘিরে তাকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
অভিযোগ রয়েছে, দৈনিক মজুরিভিত্তিক ড্রাফটসম্যান হিসেবে সিসিকে যোগদানের পর ধাপে ধাপে উপ-সহকারী প্রকৌশলী এবং সম্প্রতি নির্বাহী উপ-কৌশলী পদে দায়িত্ব পেয়েছেন রাকু। তার এই পদোন্নতির প্রক্রিয়া, যোগ্যতা ও সংশ্লিষ্ট প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টদের কেউ কেউ। বিশেষ করে পদোন্নতিতে কোনো ধরনের অনিয়ম বা আর্থিক লেনদেন হয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি উঠেছে।
সিসিকের সাবেক সহকারী প্রকৌশলী অরবিন্দ দেবের সঙ্গে ঘনিষ্ঠতা এবং তার প্রভাব কাজে লাগিয়ে রাকু বিভিন্ন উন্নয়ন প্রকল্পে প্রভাব বিস্তার করেছেন বলেও অভিযোগ রয়েছে। প্রকল্পের প্রাক্কলিত ব্যয় অস্বাভাবিকভাবে বাড়ানো, কাজের হিসাব-নিকাশে অনিয়ম এবং বিভিন্ন পর্যায়ে আর্থিক লেনদেনের মাধ্যমে সুবিধা নেওয়ার অভিযোগও সামনে এসেছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রকল্পের নথিপত্র ও আর্থিক হিসাব যাচাই করা প্রয়োজন।
অন্যদিকে, রাকুর নামে ও পরিবারের সদস্যদের নামে বিপুল সম্পদ থাকার অভিযোগও আলোচনায় এসেছে। নগরীর চালিবন্দর এলাকার মাদানী সিটি, বালুচর দুর্গাবাড়ি ও করের পাড়াসহ বিভিন্ন এলাকায় জমি ও বাড়ি থাকার কথা উল্লেখ করছেন অভিযোগকারীরা। এসব সম্পদের প্রকৃত মালিকানা, ক্রয়ের অর্থের উৎস এবং তার ঘোষিত আয়ের সঙ্গে সম্পদের সামঞ্জস্য রয়েছে কি না, তা অনুসন্ধানের দাবি উঠেছে।
অভিযোগকারীদের দাবি, রাকুর পরিবারের সদস্যদের চলাচলের জন্য বিলাসবহুল গাড়ি, বিদেশ ভ্রমণ এবং নিজ এলাকায় ব্যয়বহুল সামাজিক আয়োজন তার আর্থিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে। একজন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তার বৈধ আয়ের সঙ্গে এসব ব্যয়ের সামঞ্জস্য রয়েছে কি না, সেটিও তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
সিসিকের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের সময় কর্মজীবন শুরু করা রাকু পরবর্তী বিভিন্ন মেয়রের আমলেও গুরুত্বপূর্ণ অবস্থানে ছিলেন বলে জানা গেজড়ছে। রাজনৈতিক ও প্রশাসনিক পরিবর্তনের মধ্যেও তার প্রভাব অটুট থাকার বিষয়টি নিয়েও নানা আলোচনা রয়েছে। অতীতে তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের যথাযথ তদন্ত হয়েছে কি না, সেটিও খতিয়ে দেখার দাবি উঠেছে।
সব মিলিয়ে অংশুমান ভট্টাচার্য্য রাকুর পদোন্নতি, সম্পদের উৎস, প্রকল্প বাস্তবায়নে ভূমিকা এবং আর্থিক লেনদেনের অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ে সিসিক কর্তৃপক্ষের পাশাপাশি দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান প্রয়োজন বলে মনে করছেন তারা।